দাতাদের কথায় নাকে খত দেওয়ার প্রতিযোগিতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতা সংস্থাগুলোর কথায় কার আগে কে নাকে খত দেবে, তার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশের ক্ষতি হয় এমন কোনো শর্ত যদি দাতারা দেয়, নরম ভাষায় হলেও তার প্রতিবাদ করা উচিত।গতকাল বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কৃষি কৌশল বিভাগীয় কমিটির ‘পেপার মিট-২০১০’-এ প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ওই অনুষ্ঠানে মোট সাতটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করা হয়।কৃষিমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের নির্দেশনায় আমাদের দেশের পাটকল (আদমজী জুট মিলস) বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে পাটকল রয়েছে এবং পাট চাষও বাড়ছে।’ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময়ে আমাদের মেধাবী মাথাগুলো দাতা সংস্থা ও দেশগুলোর কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের নিজের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে।’ তিনি কৃষিপ্রধান অঞ্চলগুলোতে ‘রাবার ড্যাম’ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মঞ্জুরুল আলম। ‘বাংলাদেশে তৈরিকৃত কৃষি যন্ত্রপাতি উৎপাদনের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, মূলধনের অভাব, যন্ত্রের নিম্নমান আমাদের দেশীয় কৃষি যন্ত্রপাতি উৎপাদনের বড় সমস্যা। তার পরও তিনি কৃষিতে দেশীয় প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সভাপতি এস এম নজরুল ইসলাম, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, কৃষি কৌশল বিভাগের সম্পাদক মাসউদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।