দাতাদের কাছে আন্তর্জাতিক এনজিওগুলোর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক এনজিওগুলো তাদের দাতাদের কাছে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, চলমান ঘটনাপ্রবাহ দরিদ্র মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এনজিওগুলো স্বাভাবিক কাজ করতে পারছে না। করণীয় ঠিক করতে দাতাদের পরামর্শও চেয়েছে তারা।
গত মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক এনজিওদের মোর্চা ‘আইএনজিও ফোরাম’ (ইন্টারন্যাশনাল এনজিও ফোরাম) নিজেদের সভায় দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে এবং দাতাদের সার্বিক অবস্থা জানানোর সিদ্ধান্ত নেয়। তারই পরিপ্রেক্ষিতে মোর্চার সদস্যরা নিজ নিজ দাতাদের চিঠি দিয়েছেন। সূত্র জানিয়েছে, প্রত্যেকের চিঠির ভাষা এক।
চিঠিতে বলা হয়, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ অস্বাভাবিক রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার সঙ্গে মানবতাবিরোধী অপরাধে বিচারের বিষয়টি যুক্ত হয়ে সারা দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে উত্তেজনা তত বাড়বে এবং নির্বাচনের পরও তা অব্যাহত থাকার আশঙ্কা আছে। এই মোর্চার সদস্য ৭০টি। এর মধ্যে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওয়াটার এইড, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, প্লান বাংলাদেশ উল্লেখযোগ্য।
সূত্র বলছে, এনজিওগুলোর কাজ মূলত প্রকল্পভিত্তিক। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হয় এবং এর জন্য বরাদ্দও থাকে নির্দিষ্ট। হরতাল, অবরোধ ও সহিংসতার কারণে এনজিওগুলোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অনেক কাজ বন্ধ আছে। তারা আশঙ্কা করছে, অনেক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ শেষ হবে না, অনেক অর্থ অব্যয়িত থেকে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি আন্তর্জাতিক এনজিওর এদেশীয় প্রতিনিধি প্রথম আলোকে জানান, তাঁদের কর্ম এলাকায় মানুষকে নলকূপ দেওয়ার কথা। শীতকালে কাজ বেশি হয়। কিন্তু পণ্য সরবরাহ বন্ধ থাকায় নলকূপ দেওয়া বন্ধ আছে। তিনি বলেন, ‘প্রকল্প শেষে দেখা যাবে নির্দিষ্টসংখ্যক নলকূপ বসাতে পারিনি। অর্থ ব্যয়ও হয়নি।’
চিঠিতে বলা হয়, সরাসরি সহিংসতার শিকার না হলেও চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের ওপর চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। যারা দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সংগ্রামে লিপ্ত, কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা আবার দারিদ্র্যে পড়ছে। দিনমজুর, পরিবহন শ্রমিক, ছোট ব্যবসায়ী ও নারীদের কাজের ক্ষেত্র সংকুচিত হয়েছে। পণ্য উৎপাদন হয় যে গ্রামে সেখানে পণ্যের দাম খুবই কম। সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় এমন হয়েছে। চিঠিতে বর্তমান পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করা হয়নি। ওই দেশীয় প্রতিনিধি বলেন, ‘আমরা কাজ করতে পারছি না, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে—এ কথাই আমরা চিঠিতে বলেছি। বর্তমান পরিস্থিতিতে দাতাদের পরামর্শ কী তাও জানতে চেয়েছি।’