দাতাদের পকেটে হাত দিয়ে প্রতিশ্রুতি দেওয়ার তাগিদ
নিজেদের পকেটে হাত দিয়ে উন্নয়ন সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এবারের দিবসের প্রতিপাদ্য: জীবনব্যাপী সক্ষমতা। দিবসটি উপলক্ষে ওসমানী মিলনায়তনে মেলায় দুর্যোগবিষয়ক কাজ করে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্টল বসানো হয়েছে।
দারিদ্র৵ বিমোচনসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দাতাদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতির জন্য অনুষ্ঠানে আনোয়ার হোসেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দাতারা ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এ অর্থ থেকে বাংলাদেশ পেয়েছে মাত্র ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আর দারিদ্র্য বিমোচনে দাতারা ট্রিলিয়ন ডলার দিতে চেয়েছে। এর থেকে বাংলাদেশ কী পরিমাণ অর্থ পেয়েছে তার হিসাব নেই। যারা আমাদের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাদেরও নানা সীমাবদ্ধতা আছে। তাদের দেশেও নানা সমস্যা আছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সচিব মেছবাহ উল আলম প্রমুখ।