দাতাদের ভুলের মাশুল বাংলাদেশের মানুষকে দিতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দাতাদের কথা অভ্রান্ত নয়। তাদেরও ভুল হয় এবং তাদের ভুলের মাশুল বাংলাদেশের মানুষকে দিতে হয়। দাতাদের নিজেদের অভ্রান্ত মনে করার অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী।
গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির আ ক ম গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে ‘জাতীয় সবজি মেলা ২০১৬ ও সবজি প্রদর্শনী’ উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
সবজিতে কীটনাশকের ব্যবহার প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, কীটনাশক আসে পশ্চিমা দেশ থেকে। এসব কীটনাশকের কারণে এ দেশের মানুষের কোনো ক্ষতি হলে এর দায়দায়িত্ব পশ্চিমা দেশগুলোর। পোকার আক্রমণ হয় না এবং কীটনাশক কম প্রয়োজন হয় বলে বিটি (বায়োটেকনোলজি) বেগুনসহ অন্যান্য সবজি উৎপাদনে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবজি উৎপাদনে যে এত দূর এগিয়েছে তার প্রধান কারণ হাইব্রিড সবজি চাষ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটি চালু করেছিল। দেশে এখন সারা বছর সবজির চাষ হচ্ছে। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এখন তৃতীয়। দেশ থেকে এখন সবজি রপ্তানিও হচ্ছে।
প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ১৯৭১ সালের পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বলেছিলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি’। সে তলা আজ শক্ত হয়েছে।
মূল উপস্থাপনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, বর্তমানে মাথাপিছু গড়ে ৭০ গ্রাম সবজি সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে। খামারবাড়ির আ ক ম গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনের সামনের চত্বরে আজ থেকে এ মেলা চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।