দাতারা প্রতিশ্রুত অর্থ না দেওয়ায় সময়মতো বাঁধ মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতা সংস্থাগুলোর আশ্বাস অনুযায়ী সহায়তা না দেওয়ায় উপকূলীয় বেড়িবাঁধগুলো মেরামতের কাজ এখনো শেষ করা যায়নি। আইলার পর দাতা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে প্রচুর অর্থ দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাঁধ মেরামতে একটি টাকাও তাদের কাছ থেকে পাওয়া যায়নি।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক হাবিবুর রহমান এই অভিযোগ করেছেন। গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-সাউথ এশিয়া ও সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) আয়োজনে কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বেড়িবাঁধ মেরামতে ৬০০ কোটি টাকা প্রয়োজন। এখন পর্যন্ত দাতা সংস্থাগুলো ১৭৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের শর্ত মেনে এই টাকা পেতে দুই থেকে আড়াই বছর লেগে যাবে। তাই সরকারি অর্থায়নে মেরামতকাজ চালানো হচ্ছে।পাউবোর মহাপরিচালক আইলায় বাঁধ ভেঙে যাওয়ার জন্য চিংড়িচাষিদের দায়ী করে বলেন, তারা বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধ স্লুইসগেট নির্মাণ করায় বাঁধগুলো দুর্বল হয়ে জোয়ারের আঘাতে ভেঙে পড়েছে। চিংড়িচাষিদের বিরুদ্ধে অসংখ্য মামলা করা হলেও তারা এখনো স্লুইটগেট ছিদ্র করা বন্ধ করেনি। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আইলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ এখনো বেড়িবাঁধে বাস করছে উল্লেখ করে বলেন, তাদের খুলনার কোনো স্থানে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার আগে বেড়িবাঁধ মেরামত করতে না পারাকে ব্যর্থতা আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা খাই বেশি, কাজ করি কম। আমাদের মধ্যে অলসতা আছে।’ কর্মশালায় বিশেষ অতিথি প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সরকারের সব কটি বিভাগ ও সব ধরনের বেসরকারি সংস্থাকে তথ্য কর্মকর্তার নাম জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় অনেকগুলো সংস্থা কাজ করলেও এখন পর্যন্ত তারা মাত্র তিনজনের নাম জমা দিয়েছে। প্রধান তথ্য কমিশনার ‘বড় বড় কথা না বলে’ বেশি বেশি কাজ করার পরামর্শ দেন।দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গুরুত্ব দিয়ে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৈরি কৌশলপত্র ও কর্মপরিকল্পনার বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিইজিআইএসের নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রেসিডেন্ট শহিদুল হাসান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক।