দাতারা যাই বলুক, সরকার কৃষিতে ভর্তুকি বন্ধ করবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার রাজধানীতে আন্তর্জাতিক খাদ্যনীতি ও গবেষণা কেন্দ্রের (ইফপ্রি) আন্তর্জাতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী উন্নয়ন সহযোগীদের উদ্দেশে বলেন, ‘যেসব দেশ কৃষিতে ভর্তুকি দেওয়ার সমালোচনা করে তারা নিজেদের দেশে এ ধরনের ভর্তুকি কোনো না কোনোভাবে দিয়ে থাকে। তাই আমরা কৃষি উন্নয়নে কারও পরামর্শ বা সমালোচনার দিকে ভ্রুক্ষেপ না করে নিজেদের প্রয়োজনে কৃষিতে ভতুর্কি দিয়ে যাব। দাতারা যাই বলুক, আমরা কৃষিতে ভর্তুকি বন্ধ করব না।’ তিনি বলেন, কৃষিতে ভর্তুকি দেওয়ার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করতে সমর্থ হচ্ছে। এ ছাড়া সারে ভর্তুকি দেওয়ার ফলে কীটনাশক আমদানি ১৬৮ কোটি টাকা কমেছে।
একটি হোটেলে আয়োজিত এভিডেন্স-বেসড পলিসি অপশনস ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় বিশ্বের খ্যাতনামা খাদ্য ও কৃষিবিষয়ক গবেষকেরা উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তায় নেওয়া বাংলাদেশের খাদ্যনিরাপত্তা-বিষয়ক একটি প্রকল্পের অংশ হিসেবে কর্মশালাটি হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দুই বছর ধরে বাংলাদেশের কৃষি খাতে প্রবৃদ্ধি হচ্ছে দুই শতাংশ। ২০০৭ সাল থেকে খাদ্য উৎপাদন দুই কোটি ৯৮ লাখ টন থেকে বেড়ে তিন কোটি ৩৮ লাখ টনে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে সরকারের লক্ষ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
কর্মশালায় ইউএসএআইডি বাংলাদেশের মিশনপ্রধান জানিনা জারুজেলেস্কি কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, ভবিষ্যতে কৃষি খাতের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা দিয়ে যাবে।