দাদন পরিশোধ করতে না পারায় ২৬ মণ পাট লুট
বগুড়ার ধুনট উপজেলায় দাদনের টাকা পরিশোধ করতে না পারায় কৃষকের ঘর থেকে ২৬ মণ পাট লুট করে নিয়ে গেছেন দাদন ব্যবসায়ী। এ ঘটনায় ওই কৃষক গত রোববার ধুনট থানায় অভিযোগ করেছেন।থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়িপাড়ার কৃষক জনাব আলী একই গ্রামের আজাহার আলীর কাছ থেকে প্রায় এক বছর আগে ৪০ হাজার টাকা দাদন নেন। টাকা পরিশোধ না করা পর্যন্ত প্রতি ছয় মাস পর সাত মণ করে ধান সুদ দেওয়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী জনাব আলী ছয় মাসের সাত মণ ধানসহ ২০ হাজার টাকা আজাহার আলীকে পরিশোধ করেন। বাকি টাকা সুদসহ পরিশোধের জন্য ছয় মাসের সময় চান। কিন্তু আজাহার আলী সময় না দিয়ে গত শুক্রবার সকালে তাঁর লোকজন নিয়ে জনাব আলীর ঘর থেকে ২৬ মণ পাট নিয়ে যান।জনাব আলী বলেন, ‘সংসারে আভাবের কারণে আমি ৪০ হাজার টাকা দাদন নেই। সুদসহ অর্ধেক টাকা পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধের জন্য সময় চেয়েছিলাম। কিন্তু সময় না দিয়েই আমার ২৬ মণ পাট নিয়ে গেল।’ দাদন ব্যবসায়ী আজাহার আলী বলেন, ‘আমি কোনো দাদন ব্যবসা করি না। ৪০ হাজার টাকা দিয়ে জনাব আলীর কাছ থেকে জমি বন্ধক নিয়েছিলাম। জনাব আলী জমির ফসল ও টাকা পরিশোধ না করায় এলাকার মানুষের সামনে তাঁর বাড়ি থেকে পাট নিয়ে গেছি।’কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘জনাব আলী তাঁর বাড়ি থেকে পাট লুটের ঘটনার জন্য আমার কাছে বিচার চেয়েছিলেন। অপর পক্ষ বিচার না মানায় আমি তাঁকে আইনের সাহায্য নিতে বলেছি।’ ধুনট থানার ওসি শামসুল হক বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।