দাদন ব্যবসায়ীর নির্যাতনে দিনমজুরের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজারে গত সোমবার রাতে দাদন ব্যবসায়ীর নির্যাতনে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ওই দিনমজুর অসুস্থ ছিলেন।জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের ভূমিগ্রামের দিনমজুর সমেদ মিয়া (৪৫) একই ইউনিয়নের সরিষকান্দি গ্রামের ধান-চাল ব্যবসায়ী বদরুল ইসলামের কাছ থেকে বছর খানেক আগে দাদনে দুই মণ ধান নিয়েছিলেন। বিনিময়ে লাভসহ দেড় হাজার টাকা ফেরত দেওয়ার কথা। সমেদ এক বছরেও দাদন ব্যবসায়ীর টাকা ফেরত দিতে পারেননি। গত সোমবার রাত ১০টায় সমেদ মুন্সীবাজারে বদরুলের কাছে এক হাজার টাকা ফেরত দিতে যান। পুরো টাকা ফেরত না দেওয়ায় সমেদকে গালিগালাজ করেন বদরুল। একপর্যায়ে সমেদকে মারধর করেন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে মুন্সীবাজারে এক গ্রাম্য চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সমেদকে মৃত ঘোষণা করেন।গতকাল সমেদের বাড়ি ভূমিগ্রামে গেলে তাঁর মা এশা বিবি অভিযোগ করেন, দাদন ব্যবসায়ী বদরুলই তাঁর ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোতালিব তরফদার বলেন, ‘শুনছি সে অসুস্থ ছিল। এখন খোঁজ নিয়ে দেখতে হবে, সে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেল কি না।’কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ বলেন, নিহত সমেদের পক্ষে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ সম্পর্কে জানতে গতকাল সকালে সরিষকান্দি গ্রামে বদরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়ির লোকজন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।