দাদন ব্যবসায়ীর ভয়ে সাত মাস বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছীতে দাদন ব্যবসায়ীর ভয়ে দরিদ্র একটি পরিবার পালিয়ে বেড়াচ্ছে। উপজেলার বনগ্রামের বাসিন্দা শংকর হাওলাদার প্রায় সাত মাস আগে পরিবার-পরিজন নিয়ে রাতের আঁধারে বাড়ি ছাড়েন।ঘটনাটি জানতে পেরে দাদন ব্যবসায়ী ওই গ্রামে গিয়ে শংকরের বাড়িতে তালা লাগিয়ে আসেন। পরে আমিন ডেকে শংকরের বাড়ির জায়গা মাপজোক করে বাঁশের খুঁটি পুঁতে দেন। শংকর পরিবার নিয়ে কোথায় আছেন তা তাঁর আত্মীয়স্বজন ও গ্রামের কেউ বলতে পারেননি। এমনকি তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।সরেজমিনে দেখা গেছে, বদলগাছী উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের একটি ফাঁকা মাঠে বনগ্রামের অবস্থান। পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর থেকে গ্রামটির দূরত্ব চার কিলোমিটার। কম দূরত্বের কারণে বনগ্রামের বাসিন্দারা নিজ উপজেলার চেয়ে আক্কেলপুরেই যাতায়াত বেশি করে। ওই গ্রামের ৮৫ শতাংশ লোকই হিন্দুধর্মাবলম্বী ও দরিদ্র। তাদের অভাব-অনটনকে পুঁজি করে দাদন ব্যবসায়ী গ্রামবাসীদের চড়া সুদে টাকা ধার দেন। কেউ ঠিকমতো সুদের টাকা দিতে না পারলে নেমে আসে নির্যাতনের খড়্গ।গ্রামবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, দরিদ্র জেলে শংকর হাওলাদার আক্কেলপুর সদরের বাসিন্দা সেন্টুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। সুদের টাকা নিয়মিত পরিশোধও করছিলেন। কিন্তু বসতবাড়ি কেনার কারণে কয়েক মাস সুদের টাকা দিতে পারেননি। মাস সাতেক আগে সেন্টু সুদের টাকার জন্য বাড়ি এসে শংকরকে শাসিয়ে যান। টাকা পরিশোধ না করায় কিছুদিন পর সেন্টু মাঠে কাজ করা অবস্থায় শংকরকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তাঁর ভাই প্রদীপ হাওলাদার। এ ঘটনার কয়েক দিন পরই তিনি পরিবার নিয়ে গ্রাম ছাড়েন।বনগ্রামের বাসিন্দা চঞ্চল জানান, ১০ মাস আগে তিনি সেন্টুর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিলেন। মাসে দুই হাজার ৮০০ টাকা করে সুদ দিয়েছেন। কয়েক মাস সুদের টাকা দিতে পারেননি। একদিন সাইকেলে করে ধান বিক্রির জন্য আক্কেলপুর বাজারে যাচ্ছিলেন। সেন্টুর লোকজন ধানসহ তাঁর সাইকেলটি আটকে দেন। তিনি আরও জানান, অভাব-অনটনের কারণে গ্রামের অনেকেই সেন্টুর কাছ থেকে টাকা নিয়েছেন।আবদুল গফুর জানান, তিনি একজনকে দেওয়ার জন্য ওই দাদন ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকা এক সপ্তাহ রেখে ফেরত দিয়েছেন। এ জন্য তিন হাজার টাকা সুদ দিতে হয়েছে।অভিযোগ প্রসঙ্গে দাদন ব্যবসায়ী সেন্টু বলেন, ‘শংকর আমার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে পালিয়ে গেছে। আমি বাড়িতে তালা দিইনি। তবে তাঁর বাড়ির জায়গা মাপজোক করে খুঁটি পুঁতে রেখেছি। দখল করতে তো যাইনি।’বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক জানান, দাদন ব্যবসায়ীর ভয়ে বনগ্রামের শংকর বাড়ি থেকে পালিয়ে গেছেন—এ রকম কথা কেউ থানায় জানায়নি। দাদনের টাকার জন্য কারও বাড়িতে তালা মারা বা খুঁটি পুঁতে দেওয়া আইনসিদ্ধ নয়।