দাদন ব্যবসায়ীর লাথিতে গর্ভের সন্তানের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে সুদের মাত্র ১০০ টাকা দিতে না পারায় দাদন ব্যবসায়ীর লাথিতে গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে দরিদ্র রফিকুল ইসলাম মৃত সন্তানকে কোলে করে থানায় নিয়ে পুলিশের কাছে সুবিচার দাবি করেন।এ ব্যাপারে রফিকুল ইসলাম দাদন ব্যবসায়ী সাজাহান আলী ও তাঁর স্ত্রী গোলাপী বেগমকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন। গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার দেউলি ইউনিয়নের বীরপাড়া গ্রামের সাজাহান ও তাঁর স্ত্রী গোলাপী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করছেন। একই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম (৪০) আয় বাড়ানোর জন্য দুর্গাপূজার সময় সাজাহানের কাছ থেকে ৫০০ টাকা দাদন নেন। এ টাকায় পূজার সময় বসা মেলায় তিনি ফেরি করে পান বিক্রি করেন। ৫০০ টাকার জন্য প্রতিদিন তাঁকে ২০ টাকা করে সুদ দিতে হয়। মেলা শেষ হওয়ার পরপরই সুদসহ দাদনের টাকা পরিশোধের চেষ্টা করেন রফিকুল। কিন্তু অভাব-অনটনের কারণে ১০০ টাকা বাকি থেকে যায়।গত সোমবার বিকেলে রফিকুলের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী গোলাপী বিবিকে সন্তান প্রসবের জন্য নিতে আসেন তাঁর মা। খবর পেয়ে সাজাহান আলীর স্ত্রী গোলাপী বেগম (৩২) রফিকুলের বাড়িতে গিয়ে পাওনা ১০০ টাকা দাবি করেন। কয়েক দিন পর এ টাকা পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু গোলাপী বেগম জোর করে রফিকুলের হাঁসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে গোলাপী বেগম অন্তঃসত্ত্বা গোলাপী বিবির পেটে সজোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গে গোলাপী বিবি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে বগুড়ার ঠেঙ্গামারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বুধবার ভোরে অস্ত্রোপচারের মাধ্যমে গোলাপী বিবির পেট থেকে একটি মৃত পুত্রসন্তান বের করেন।রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী এখনো চিকিৎসাধীন। আমি সন্তান হত্যার সুবিচার চাই।’এ ব্যাপারে কথা বলার জন্য অনেক চেষ্টা করেও সাজাহান আলী ও গোলাপী বেগমকে পাওয়া যায়নি।