দাদনের ঋণ থেকেই যাচ্ছে
ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে নাওয়া-খাওয়ার সময় নেই পাবনার তাঁতিদের। তবে এ ব্যস্ততা তাঁদের মনে কোনো আশা বা আনন্দের রং ধরাতে পারছে না। কারণ সুতার অব্যাহত দাম বাড়ায় বিপর্যস্ত এসব তাঁতি। এবার উৎপাদিত পণ্যের দামও ভালো পাচ্ছেন না কৃষক। চাহিদাও কম। রাত-দিন পরিশ্রম করেও দাদনের ঋণের বোঝা থেকে মুক্তি মিলছে না তাঁদের।
তাঁত শ্রমিক ও মালিকেরা জানান, পাবনা সদর, দোগাছি, আতাইকুলা ও আটঘরি উপজেলার ১০ গ্রামের প্রায় ৮০ শতাংশ মানুষই তাঁতশিল্পের সঙ্গে জড়িত। প্রতিবছর ঈদ ও পূজা এলে দেশে কাপড়ের চাহিদা বাড়ে। তখন তাঁদের রাত-দিনের পরিশ্রম যে বাড়তি আয় এনে দেয়, তা দিয়ে তাঁরা পুষিয়ে নেন সারা বছরের ঘাটতি। কিন্তু চলতি বছর তা হচ্ছে না।
জেলার তাঁতিদের দাবি, রং ও সুতার অব্যাহত দাম বাড়ায় তাঁরা আগে থেকেই লোকসান দিচ্ছেন। এ লোকসান পোষাতে তাঁরা মহাজনদের কাছ থেকে সুতা ও নগদ টাকা দাদন নিয়েছিলেন। চুক্তি ছিল এবারের ঈদ ও পূজার আগে ঋণ শোধ করবেন। কিন্তু বাজারে তাঁতপণ্যের এখন তেমন চাহিদা নেই। দামও কম।
তাঁতিরা জানান, এখন প্রতি জোড়া লুঙ্গি তৈরি করতেও কমপক্ষে ৪০০ থেকে ৪৫০ টাকা খরচ পড়ে। বাজারে নেওয়ার পর সে লুঙ্গি খুব কষ্টে হয়তো ৪৫০ টাকায় বিক্রি করা যাচ্ছে। গত বছর এই একই মানের লুঙ্গি তাঁরা ৫০০ টাকায় বিক্রি করেছেন। গত বছর প্রতি জোড়া শাড়ি যেখানে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। ফলে সুতার কারণে যে লোকসানের বোঝা তাদের কাঁধে ছিল, তা আরও ভারীই হচ্ছে।
সদরের জালালপুর গ্রামের নজরুল মোল্লা জানান, তিনি ঈদুল আজহা থেকে এ পর্যন্ত সুতা ও নগদ মিলিয়ে প্রায় দুই লাখ টাকা দাদন নিয়েছেন। চুক্তি ছিল ঈদের আগেই পরিশোধ করবেন। কিন্তু এখনো তাঁর প্রায় এক লাখ টাকা দেনা রয়েছে।
দোগাছি গ্রামের নবির উদ্দিন জানান, তিনি দুজন শ্রমিক নিয়ে তিনটি তাঁত চালান। এগুলো চালু রাখতে গত তিন মাসে দাদন নিয়েছেন প্রায় দেড় লাখ টাকা। রাত-দিন পরিশ্রম করছেন। কিন্তু এখনো এক লাখ টাকা দেনা রয়েছে।
দোগাছি ইউনিয়নের তাঁতপণ্যের সবচেয়ে বড় পাইকারি ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, ‘তাঁতিদের এখন আর তিনবেলা ভাতও জোটে না। অনেকেই তাঁতের ঘর বিক্রি করে বসবাসের ঘরে কল বসিয়ে কাজ করছেন। আমি ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জ থেকে বাকিতে প্রায় এক কোটি টাকার সুতা এনে আমার সঙ্গে যেসব তাঁতি কাজ করেন তাঁদের দিয়েছি। পরে আরও প্রায় ৫০ লাখ টাকার সুতা দিয়েছি। কিন্তু এ পর্যন্ত ফেরত পেয়েছি অর্ধেক টাকা।’ তিনি জানান, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে এবার তাঁতপণ্যের চাহিদা না থাকায় দাম কমে গেছে।
জেলা তাঁতি সমিতির সভাপতি সম্রাট শাহজাহান বলেন, অচিরেই দেশ থেকে তাঁতশিল্প বিনাশ হয়ে যাবে। এই শিল্প ও তাঁত শ্রমিকদের বাঁচাতে এ খাতে সরকারের সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।