দাদনের ফাঁদে দীঘিনালার জুমচাষিরা, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে বাজারে এক মণ শুকনা হলুদ বিক্রি হচ্ছে প্রায় আট হাজার টাকায়। কিন্তু অনন্যোপায় হয়ে দাদন নিয়ে জুমচাষকারী দীঘিনালার মেরুং ইউনিয়নের আদিবাসীরা প্রতি মণ হলুদ দাদন ব্যবসায়ীদের কাছে দুই হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন।সরেজমিনে জানা গেছে, জুমচাষ করার জন্য জুমের আগাছা পোড়ানো থেকে ফসল রোপণ পর্যন্ত অনেক টাকার দরকার হয়। জুমচাষে ব্যংকঋণ দেওয়ার ব্যবস্থা না থাকায় চাষের জন্য বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীর কাছ থেকে দাদন নিতে হয় জুমচাষিদের। দাদন ব্যবসায়ীদের কাছে অনেক কম দামে ফসল বিক্রির শর্তে তাঁরা দাদন পান।মিলন কার্বারীপাড়ার জুমচাষি সুরেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তিনি দুই একরে জুমচাষ করেছেন। চাষের জন্য তিনি এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মণ হলুদ দুই হাজার টাকা দরে বিক্রির শর্তে দুই মণ হলুদের দাম আগাম নিয়েছেন। জুমচাষি সুশাঙ্কর ত্রিপুরা বলেন, ‘হলুদের ওপর দাদন নেওয়ার সময় কে কী দামে নিচ্ছেন, তার ঠিক নেই। আমি দাদন ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা দরে দুই মণ হলুদের দাম আগাম নিয়েছি। দাদন ব্যবসায়ীকে যখন হলুদ দেব, তখন বাজারে প্রতি মণ হলুদের দাম থাকে আট থেকে ১০ হাজার টাকা। ইন্দুময়, রুহিতাস, বরতি, হিরেন্দ্র নামের কয়েকজন জুমচাষি বলেন, যাঁরা জুমচাষ করেন, তাঁরা সবাই গরিব। আদিবাসীদের একমাত্র উপার্জনের পথ জুমচাষ।দাদন ব্যবসায়ী খগেন ত্রিপুরা বলেন, ‘আমি যে দাদন দিচ্ছি, তা আমার নিজের টাকা নয়। আমি আরেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা এনে জুমিয়াদের (জুমচাষি) দিয়ে থাকি। সে হিসাবে আমিও ন্যায্যমূল্য পাই না। আর দাদনের টাকা যে উঠে আসবে, তারও ভরসা নেই।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হতেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মিলন কার্বারীপাড়ার ৬০টি পরিবারের মধ্যে ৪৫ পরিবার এবং সীমানাপাড়া গ্রামের ৮০টি পরিবারের মধ্যে ৬০ পরিবারই জুমচাষ করে থাকে। ব্যাংক থেকে ঋণ নিতে হলে জমির দলিলের দরকার হয়। জুমচাষিদের জমির দলিল না থাকায়, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। তাই তাঁরা বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছে তিন ভাগের এক ভাগ দামে ফসল আগাম বিক্রি করে দাদন নেন। এতে জুমচাষিরা জুমের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।