দাদনের ফাঁদে পড়ে ধুঁকছেন শিল-পাটা শ্রমিকেরা
‘একটু হাঁটলেই দম বন্ধ হয়ে আসতে চায়। নিঃশ্বাস ওপরেও ওঠে না, নিচেও নামতে চায় না। কাশতে কাশতে জান বার হয়ে যেতে চায়। দাদনের টাকা শোধ করতে পারি না। তাই এই শরীর নিয়ে মাঝেমধ্যেই কারখানায় যেতে হয়।’ রাজশাহীর পুঠিয়ার ঢলাট কোমরপুর গ্রামের বাবু নামের একজন শিল-পাটা শ্রমিক এভাবেই তাঁর দুরবস্থার কথা বলছিলেন।স্থানীয় সূত্রগুলো বলছে, গত এক বছরে পুঠিয়ায় ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে চারজন শিল-পাটা শ্রমিক মারা গেছেন। বাবুর মতো অসুস্থ আছেন আরও অন্তত ১০ জন শ্রমিক। যাঁরা দাদনের টাকা শোধ করতে পারছেন তাঁরা অন্য পেশায় চলে যাচ্ছেন। যাঁরা পারছেন না, তাঁরা সেখানেই ধুঁকছেন।রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে কর্মরত পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিশেষজ্ঞ জোহা এম এম হোসেন জানান, পাথর কেটে যাঁরা শিল-পাটা তৈরি করেন তাঁরা ভয়াবহ সিলিকোসিস রোগে আক্রান্ত হন। পাথরের ধুলা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে গিয়ে ফুসফুস নষ্ট করে ফেলে। এতে প্রথমে তাঁরা শ্বাসকষ্টে ভোগেন। শেষ পর্যায়ে তাঁরা ক্যানসারের মতো ভয়াবহ পরিণতির শিকার হন।পুঠিয়ায় বর্তমানে শিল-পাটা তৈরির চারটি কারখানা রয়েছে। এসব কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার মালিকেরা ভারত থেকে পাথর আনেন। শ্রমিকেরা এই পাথর কেটে শিল ও পাটা তৈরি করেন। এই কাজ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কারখানার মালিকেরা শ্রমিকদের ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত দাদন দিয়ে থাকেন। দাদন নেওয়া শ্রমিকেরা আর কোথাও কাজে যেতে পারেন না। পেশা ছেড়ে অন্যত্র যেতে চাইলে তাঁকে দাদনের টাকা শোধ করে যেতে হয়। ফলে দাদন তাঁদের জন্য একটা ফাঁদ হয়ে আছে। অনেকে টাকাও শোধ করতে পারেন না; কারখানাও ছাড়তে পারেন না। এই কাজ করে শ্রমিকেরা প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন।শ্রমিকেরা জানান, গত এক বছরে পুঠিয়ার এসব কারখানায় কাজ করে চারজন মারা গেছেন। এঁরা হলেন পুঠিয়া উপজেলা শিবপুর জায়গিরপাড়া গ্রামের আবদুল জব্বার (৩৭), লাভলু (৪০), নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি গ্রামের বেলাল উদ্দিন (৪৫) ও আবু দাউদ (৭০)। এঁদের মধ্যে সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি মারা গেছেন আবদুল জব্বার। বেলাল মারা গেছেন মাস তিনেক আগে আর দাউদ মারা গেছেন প্রায় এক বছর আগে।অসুস্থ হয়ে এখন শিবপুর বাজারে চায়ের দোকান দিয়েছেন পুঠিয়া উপজেলা শিবপুর জায়গিরপাড়া গ্রামের করিম (৩৭)। তিনি বলেন, কারখানার মালিক ৩০ হাজার টাকা পেতেন। জমি বিক্রি করে তাঁর ১০ হাজার টাকা দিয়েছেন। বাকিটা মাফ নিয়ে কারখানা থেকে মুক্তি নিয়েছেন। ঢলাট কোমরপুর গ্রামের অসুস্থ বাবু বলেন, অসুস্থতা নিয়ে তিনি মাঝেমধ্যে কারখানায় যান। তাঁর মতো অসুস্থতা নিয়ে একই গ্রামের কালাম (৩৮) ও বাবর (৩৬) নছিমন চালাচ্ছেন। তাঁরা দাদনের টাকা শোধ করতে পেরেছেন বলে কারখানা থেকে মুক্তি পেয়েছেন।শিবপুর বাজারের একটি কারখানার মালিক ইব্রাহিম জব্বার ছাড়া বাকি তিনজন অন্য কারণে মারা গেছেন। তিনি বলেন, এখন এই কাজের শ্রমিক আর পাওয়া যাচ্ছে না। তাঁর কারখানায় যে কয়েকজন আছেন তাঁরা অল্প কিছু টাকা নিয়ে তাঁকে ভালোবেসে তাঁর কারখানায় কাজ করেন।