বরিশালের উজিরপুর উপজেলার হস্তীশুণ্ড গ্রামে পুকুরে ফেলে আট মাসের শিশুহত্যার ঘটনায় বুধবার রাতে উজিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য শিশু মরিয়ম আকতারের দাদা-দাদিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মরিয়মের বাবা ইমরান ব্যাপারীর সঙ্গে একই বংশের সেলিম ব্যাপারীর জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাড়ির পাশের পুকুরে ফেলে শিশুটিকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের কেউ সত্যিই এতে জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতে মরিয়মের দাদা নজরুল ইসলাম, দাদি রোকসানা বেগম, চাচা সুফিয়ান ও চাচাতো দাদা দুদু মিয়াকে আটক করা হয়। ওসি জানান, তখনো তাঁরা থানায় ছিলেন।