দাদা ম্যাচ কারখানা চালুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্পসচিবের কাছে চিঠি দিয়ে বাংলাদেশ রসায়নশিল্প সংস্থার (বিসিআইসি) আওতায় খুলনার দাদা ম্যাচ কারখানাটি চালুর তাগিদ দেওয়া হয়েছে।
একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের কাছে চিঠির একটি অনুলিপি এসে পৌঁছালে এসব তথ্য জানা যায়।
এ বিষয়ে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন পর হলেও অন্তত চিঠি দিয়ে কারখানা চালুর তাগিদ দেওয়ার বিষয়টি একটি ইতিবাচক দিক। কিন্তু শুধু চিঠি দিয়েই যেন দায়িত্ব শেষ না করা হয়। এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যেন দ্রুত কারখানাটি চালু করা হয়।
সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ চিঠির পর এখন কারখানাটি চালুর পথে আর কোনো বাধা থাকতে পারে না। এখন এটি দ্রুত চালু হোক, এই আমাদের প্রত্যাশা।’
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়ন সূত্র জানায়, খুলনা নগরের রূপসা নদীর তীরে ১৯৫৬ সালে ১৮ একর জমির ওপর কারখানাটি যাত্রা শুরু করে। ১৯৯৩ সালের শেষের দিকে ভাইয়া গ্রুপ কারখানাটি ইজারা নেয়।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি উৎপাদন ও ১৮ আগস্ট দাদা ম্যাচ কারখানাটি বন্ধ ঘোষণা করে সব শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়। এর পর থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাটি বিসিআইসির নিয়ন্ত্রণে নিয়ে চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন শুরু করেন।
এই পরিস্থিতে ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাটি চালু করার ঘোষণা দেন। ২৩ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসক কারখানাটির স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝে নেন।
জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি আবারও প্রধানমন্ত্রী খুলনায় আসার আগে ও পরে তাঁকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়। সর্বশেষ দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গত ৩ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে আবারও কারখানাটি চালুর দাবি জানানো হয়। স্মারকলিপিটি জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর চার মাস পর ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্পসচিবের কাছে একটি চিঠি দেওয়া হয়। ৬৪১ নম্বর স্মারকের ওই চিঠিতে বিসিআইসির মাধ্যমে দাদা ম্যাচ কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধে ওয়ার্কার্স ইউনিয়নের স্মারকলিপির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর অনুলিপি খুলনার জেলা প্রশাসক ও দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদককে দেওয়া হয়।