দাদা ম্যাচ কারখানা চালুর দাবিতে অনশন
কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে অনশন করেছেন দাদা ম্যাচ কারখানা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কারখানার সামনে প্রতীকী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
অনশনে ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শফিকুল হামিদ, সিপিবি খুলনার জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও কারখানা চালুর উদ্যোগ নেই। সর্বশেষ ঈদুল ফিতরের দিন রাজপথে ঈদের নামাজ আদায়ের পরও বরফ গলেনি সরকারের। বকেয়া বেতন পরিশোধসহ কারখানাটি দ্রুত চালু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন বক্তারা।
খুলনা মহানগরের রূপসা নদীর তীরে ১৯৫৬ সালে ১৮ একর জমির ওপর সুন্দরবনের গেওয়া কাঠনির্ভর দাদা ম্যাচ কারখানা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। ইজারা নেওয়া প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ ২০১০ সালের ১ ফেব্রুয়ারি উৎপাদন ও ১৮ কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করে। এর পর থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাটি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণে নিয়ে চালু ও বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করে আসছেন। ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাটি চালুর প্রতিশ্রুতি দেন।