দাদা ম্যাচ কারখানা চালুর দাবিতে কর্মসূচি ঘোষণা
অবিলম্বে খুলনার দাদা ম্যাচ কারখানা চালুর দাবিতে গতকাল বুধবার শ্রমিক-কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। ২০১০ সালের ১৮ আগস্ট খুলনার রূপসা শিল্পাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৫ মার্চ খুলনার জনসভায় সাত শতাধিক শ্রমিকের ওই কর্মক্ষেত্রটি পুনরায় চাল করার ঘোষণা দেন। তারপর থেকে বিভিন্ন সময় বিসিআইসি, শিল্প ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু গত দুই বছর ধরে ওই কারখানার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করলেও কারখানা চালু করা হয়নি। গতকাল ওই কারখানার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে এলাকাবাসী একাত্ম হয়ে ‘আর প্রতিশ্রুতি নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক বিসিআইসির মাধ্যমে দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার’ দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। সকালে কারখানার সামনে থেকে একটি বড় বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক অমিয় সরকার, ওয়ার্ড বিএনপির সম্পাদক আবদুর রব, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য এস এম ফারুকুল ইসলাম প্রমুখ।