দাদা ম্যাচ চালুর দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দাদা ম্যাচ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। দাদা ম্যাচ কারখানা ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে কারখানার সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সদস্যরা সরকারকে ২৪ অক্টোবর পর্যন্ত এসব দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় আন্দোলন করে রূপসা শিল্পাঞ্চল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। দাদা ম্যাচ কারখানার শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। কর্মসূচি চলাকালে ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ, দাদা ম্যাচ শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ সামছুর রহমান, শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মনির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দাদা ম্যাচ কারখানা চালুর দাবিতে অনেক আন্দোলন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও কারখানা চালু হয়নি।