দাদা ম্যাচ ফ্যাক্টরি চালু করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণে ও অর্থায়নে দ্রুত চালুর নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গত সোমবার রাতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এই নির্দেশ দেন। তবে কত দিনে এই ফ্যাক্টরি পুনরায় চালু হবে, সে বিষয়ে শিল্পমন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি। দাদা ম্যাচ ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়া প্রথম আলোকে জানান, কয়েক দফা সময় পরিবর্তনের পর গত সোমবার রাতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফ্যাক্টরির বর্তমান অবস্থা, শ্রমিক-কর্মচারীদের দুরবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে ফ্যাক্টরিটি চালু করতে প্রধানমন্ত্রীর ঘোষণা ও তৎপরবর্তী পদক্ষেপেরও পর্যালোচনা করা হয়।দিলখোশ মিয়া আরও জানান, বৈঠকে শিল্পমন্ত্রী ফ্যাক্টরিটি চালু করতে সরকার ও তাঁর আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি বিসিআইসির চেয়ারম্যানকে করপোরেশনের নিজস্ব অর্থায়নে দ্রুত ফ্যাক্টরি চালু করার নির্দেশ দেন। এটি চালু করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। ফ্যাক্টরি চালুর খবরে শ্রমিক-কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান তিনি।দাদা ম্যাচ ফ্যাক্টরির ইজারা নেওয়া প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ সরকার বা শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ২০১০ সালের ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দেয়। ওই বছরের ১৮ আগস্ট ফ্যাক্টরিটি বন্ধ করে শ্রমিক ও কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। মহানগরের রূপসা শিল্পাঞ্চল এলাকায় রূপসা নদীর তীরে ১৯৫৬ সালে ১৮ একর জমির ওপর সুন্দরবনের গেওয়া কাঠনির্ভর দাদা ম্যাচ ফ্যাক্টরি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল। পরবর্তী সময়ে এটি লোকসানি শিল্পে পরিণত হয়।