দাদাকে ছেড়ে দিতে বললে লাথি মেরে ফেলে দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী কাজী এজাজ আহমেদ (৫১)। তিনি রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী লাইলী বেগমের বড় ভাই কাজী নজরুল ইসলামের ছেলে ও শহীদ ডাক্তার আবুল কাশেমের নাতি। এজাজ আহমেদ গতকাল জবানবন্দিতে তাঁর দাদা আবুল কাশেমকে ধরে নিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাজের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে এজাজ আহমেদ বলেন, তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটের দেবীপুরের কাজীপাড়ায়। তাঁর দাদা আবুল কাশেম এবং বাবা কাজী নজরুল ইসলামের মতো তিনিও পেশায় হোমিও চিকিৎসক। একাত্তরে তাঁর বয়স ছিল ১১-১২ বছর। এজাজ আহমেদ বলেন, একাত্তরের ২৪ জুলাই রাতে তিনি তাঁর দাদাবাড়িতে ছিলেন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা টেনেহেঁচড়ে দাদা আবুল কাশেমকে ধরে নিয়ে যাওয়ার সময় এজাজ একজন পাকিস্তানি সেনা অথবা রাজাকারের পায়ে পড়েন। তাঁকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এজাজ বলেন, তাঁর বাবা কাজী নজরুল ইসলাম, ফুপু এবং দাদার ছোট ভাই কাজী আলতাফ উদ্দিন আবুল কাশেমকে ধরে নিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনাদের পিছু পিছু যান। পরে তিনি দাদার বড় ভাই কাজী মফিজ উদ্দিনকে নিয়ে স্টেশনে গিয়ে দেখেন, দাদা ও আরও এক ব্যক্তিকে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। পরে বাড়ির অন্যদের মুখে শোনেন তাঁর দাদাকে জয়পুরহাট শহরের ব্যবসায়ী শাওন লাল বাজলার বাড়িতে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর ফুপু, বাবা ও অন্যরা সেখানে গিয়ে দাদাকে ছেড়ে দিতে আবদুল আলীমকে অনুরোধ করলেও তিনি রাজি হননি। এজাজ আহমেদ আরও বলেন, ২৫ জুলাই আতিকুল্লাহ বিহারি নামের একজন তাঁদের বাড়িতে এসে বলেন, মেজর আফজাল পাঁচ হাজার টাকা চেয়েছেন। টাকা দিলে তাঁর দাদাকে ছেড়ে দেওয়া হবে। তখন তাঁর বাবা রুমালে পেঁচিয়ে পাঁচ হাজার টাকা আতিকুল্লাহর হাতে দেন। আতিকুল্লাহ তাঁদের ঘণ্টা খানেক পরে রেলগেটের কাছে যেতে বলেন। এজাজ ও তাঁর দাদার বড় ভাই কাজী মফিজ উদ্দিন সেখানে গেলে আতিকুল্লাহ এসে টাকা ফেরত দেন এবং বলেন, ‘সাহেবের হুকুম হয়ে গেছে, আপনার ভাইকে মেরে ফেলা হবে।’এজাজ বলেন, পরদিন ২৬ জুলাই সন্ধ্যায় তাঁর দাদাকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন রাতে দুই ব্যক্তি এসে এ খবর জানান। জবানবন্দি শেষে এজাজ আহমেদকে জেরা শুরু করেন আসামিপক্ষের সহকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম ২০ মার্চ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।দিলীপের সাক্ষ্য গ্রহণ শেষ: গতকাল রাষ্ট্রপক্ষের একাদশ সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে জেরার ধার্য দিনে আলীমের জ্যেষ্ঠ আইনজীবী না আসায় এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদেশ দিয়েছেন এই ট্রাইব্যুনাল। এর আগেও ধার্য দিনে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শেষ না করায় গতকাল শেষবারের মতো দিন ধার্য করা হয়।