দাদার বাড়িতে এসে যমুনায় নিখোঁজ ঢাকার স্কুলছাত্র
বগুড়ায় দাদার বাড়িতে বেড়াতে এসে যমুনায় নিখোঁজ হয়েছে রাজধানী ঢাকার পিলখানা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী কাজী সামিউল ইসলাম ওরফে রিদম (১৪)। সারিয়াকান্দি উপজেলার কামালপুর স্পারের কাছে গতকাল বুধবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে সামিউল স্রোতে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা তার খোঁজে নদীতে অনুসন্ধান চালালেও উদ্ধার করতে পারেননি।
পারিবারিক সূত্র জানায়, এসএসসি পরীক্ষা শেষে ছুটির ফাঁকে সামিউল কয়েক দিন আগে সারিয়াকান্দির কামালপুরে দাদার বাড়িতে বেড়াতে আসে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফুফাতো দুই বোনের সঙ্গে যমুনার বাঁধে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নামে। এরপর তারা স্রোতের তোড়ে ভেসে গেলেও তার ফুফাতো দুই বোন সাঁতার কেটে পাড়ে ওঠে। সামিউলের ফুফু তাসলিমা ইসলাম গতকাল সন্ধ্যা সাতটায় জানান, রাজশাহী থেকে দমকল বাহিনীর ডুবুরি এসে নদীতে সন্ধান চালাচ্ছে, সামিউলের খোঁজ মেলেনি।