দাদি-নাতিসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় গতকাল শনিবার বাসের চাপায় দাদি ও নাতি নিহত হয়েছে। কক্সবাজারের চকরিয়া, নাটোরের লালপুর, জামালপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর; সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের গোবিনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গতকাল একটি যাত্রীবাহী বাস একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানের পাঁচ যাত্রী ছিটকে পড়ে। এ সময় ওই যাত্রীদের মধ্যে স্কুল ছাত্রী সুমাইয়া খাতুন (৬) ও তার দাদি রাশিদা খাতুনকে (৫৪) বাসটি চাপা দিলে দুজনই নিহত হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। সুমাইয়া কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে বিক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। চকরিয়া (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় গতকাল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে তিন ব্যক্তি নিহত হন। এঁরা হলেন পথচারী ও গয়ালমারা এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ইসমাঈল হোসেন (৪০), আরেক পথচারী ও একই মাদ্রাসার ছাত্র আল মুমিন (৮) এবং নোয়া গাড়ির চালক। চালকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে পাঁচজন যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লালপুর (নাটোর): উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় গতকাল একটি ট্রাকের চাপায় ভ্যানযাত্রী ঝন্টু মিয়া (৩২) নিহত হন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদীর নতুনহাট গ্রামে। এ সময় নবীনগর গ্রামের বিলাত মণ্ডলের পুত্র ভ্যানচালক লিখন (২৫) আহত হন।জামালপুর: ট্রাকের পেছনে ঝুলে খেলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ দিতে হলো নয়ন নামের সাত বছরের এক শিশুকে। গতকাল শহরের বজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি পেছনের দিকে পেছালে পড়ে গিয়ে সে মারা যায়। নয়ন স্থানীয় বানিয়াবাজার উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মো. বাবুল।