দাদিকে হত্যা মাকে জখম করে আত্মহত্যার চেষ্টা
দাদিকে কুপিয়ে হত্যা এবং মাকে আহত করার পর এক তরুণ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালি গ্রামে গতকাল সোমবার এই ঘটনা ঘটে।
উপজেলার সোনাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য বড়ালি গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম জানান, বড়ালি গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে মোখলেছুর রহমান (২৬) এক সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে কারাভোগ করে দেশে ফিরে আসেন। গতকাল বেলা দুইটার দিকে হঠাৎ করে তিনি তাঁর মা আনোয়ারা খাতুনকে (৪০) দা দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় তাঁর মাকে রক্ষা করতে সেখানে এগিয়ে এলে তিনি তাঁর দাদি জাহানারা খাতুনকেও (৬০) কুপিয়ে আহত করেন। পরে তিনিও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর বিকেল চারটার দিকে জাহানারা খাতুন মারা যান।
জাহানারার মেয়ে পুতুল খাতুন জানান, তাঁর ভাতিজা মোখলেছুর রহমান পাঁচ মাস আগে অনেক টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কারাভোগের পর সপ্তাহ খানেক আগে দেশে ফেরার কারণে তার মানসিক সমস্যা দেখা দেয়। এই কারণে গতকাল সে (তার ভাতিজা) তাঁর মা ও দাদিকে কুপিয়ে আহত করার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।