দান, ধারে নির্বাচনী ব্যয় নির্বাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বেশির ভাগ প্রার্থীই দান ও ধারের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন। হলফনামায় ‘ফরম ড’-এর নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের ছকে প্রার্থীরা এ তথ্য দিয়েছেন। ১৯ মে ওই দুই উপজেলায় ভোট হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুর রউফ ও বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ফজলুল হক নিজ আয়ের সাত লাখ টাকা দিয়ে নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলামকে তাঁর দুই ভাই ব্যবসা থেকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা ধার ও দান হিসেবে দিয়েছেন। এ কে এম এমদাদুল হককে তাঁর প্রবাসী তিন ভাই ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা দান করেছেন। নবী নেওয়াজকে তাঁর প্রবাসী ভাই সাব্বির আহমেদ দেড় লাখ টাকা, খোকন হায়দারকে তাঁর প্রবাসী এক ভগ্নিপতি ৫০ হাজার টাকা এবং মঞ্জুর হোসেনকে প্রবাসী এক আত্মীয় দুই লাখ টাকা ধার দিয়েছেন।
এদিকে, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সারওয়ার নিজ ব্যবসা ও ব্যাংক আমানত থেকে ১০ লাখ টাকা খরচ করছেন। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম চৌধুরীকে তাঁর বাবা কৃষিজীবী এয়াছিন মিয়া চৌধুরী চার লাখ টাকা স্বেচ্ছায় দান করেছেন। জহিরুল ইসলাম খন্দকারকে তাঁর ইতািলপ্রবাসী মেয়ের জামাই দেলোয়ার মজুমদার দুই লাখ টাকা ধার দিয়েছেন। আবদুল মমিন মজুমদারকে তাঁর শ্যালক ও ভায়রা চার লাখ টাকা এবং তাঁর কলেজের সহকর্মী দুই শিক্ষক এক লাখ টাকা করে ধার ও দান করেছেন। কাউছারুল ইসলামকে তাঁর প্রবাসী স্বজনেরা নির্বাচনী ব্যয় সরবরাহ করছেন। তিনি ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা খরচ করছেন। সৈয়দ আবদুর রাজ্জাককে তাঁর চাচা সৈয়দ শাহনেওয়াজ দুই লাখ টাকা এবং এক ভাতিজা সাড়ে তিন লাখ টাকা ধার দিয়েছেন। তিনি নিজে কৃষিকাজ থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকা খরচ করছেন। এ বি এম খোরশেদ আলম চিকিৎসা পেশার আয় থেকেই নির্বাচনী ব্যয় বহন করছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাইকে তাঁর খালুশ্বশুর দুই লাখ টাকা ও ঢাকার এক আইনজীবী পাঁচ লাখ টাকা দান করেছেন। তিনি নিজ তহবিলের তিন লাখ টাকা খরচ করছেন। হোসাইন মোহাম্মদ নূরুল্লাহ শিক্ষকতা পেশা থেকে এক লাখ টাকা এবং ছোট ভাইয়ের কাছ থেকে এক লাখ টাকা অনুদান নিয়ে নির্বাচন করছেন। সোহেল চৌধুরী তাঁর মুরগির খামার ও কৃষিকাজ থেকে এক লাখ টাকা খরচ করছেন। আবদুল কাদের নিজে ৫০ হাজার টাকা খরচ করবেন। তাঁকে অনুদান দিচ্ছেন জহিরুল হক নামের এক পরিবহন ব্যবসায়ী।