দেশ একটি দানবের হাতে পড়েছে। এই দানব পুরো রাষ্ট্রকে গিলে খাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার দলের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে এ কথা বলেন।রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর বিএনপি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল: সমুজ্জ্বল অতীত, সম্ভাবনাময় ভবিষ্যৎ ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল দেশের অবস্থা ও মানবতাবিরোধী অপরাধের বিচারসহ সরকারের বিভিন্ন উদ্যোগের তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল মন্তব্য করেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামেই আন্তর্জাতিক আদালত।’ এই আদালতে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কথা বলতে আসা বিদেশি আইনজীবীকে বিমানবন্দর থেকে ‘ফেরত পাঠানোর’ প্রতিবাদ জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করেন।’ মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, সরকার আদালতসহ একের পর এক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। তারা জনগণের জন্য কিছুই করছে না। সরকারদলীয়রা আছেন কেবল নিজেদের আখের গোছাতে। তিনি এই ‘ফ্যাসিস্ট’ সরকারকে সরাতে বিএনপির নেতা-কর্মীদের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন। কর্মশালায় ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের ১৫০ জন নেতা অংশ নেন। মহানগর বিএনপির সদস্য-সচিব আবদুস সালাম জানান, কর্মশালায় সাতজন প্রশিক্ষক ছিলেন। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, অধ্যাপক মুস্তাহিদুর রহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।