মাদ্রাসা ও মাজারের দানবাক্সের টাকা চুরিতে বাধা ও শাসন করায় পটিয়ায় হজরত শাহজাহান আউলিয়া এতিম ও হেফজখানার সুপার আবদুল আজিজকে (৫০) ক্ষুব্ধ তিন শিক্ষার্থী কুপিয়ে ও পিটিয়ে হত্যার করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গতকাল সোমবার সকালে গ্রেপ্তার হওয়া তিন শিক্ষার্থীকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকতার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন প্রথম আলোকে জানান।
তিন শিক্ষার্থী হলো বাঁশখালী উপজেলার বৈইলছড়ি গ্রামের ইদ্রিসের ছেলে হেফজরত আতাউল্লাহ (১৭), চন্দনাইশ উপজেলার কাঞ্চন পাড়া গ্রামের আছি আহাম্মদের ছেলে আবদুর রহমান ওরফে টিপু সুলতান (১৫) ও আনোয়ারা উপজেলার ঝিউরি গ্রামের জানে আলম ফারুকীর ছেলে হাফেজ রোমান উদ্দিন (১৪) প্রমুখ।
তাদের স্বীকারোক্তিমতে গত রোববার পুলিশ হেফজখানা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি লম্বা কিরিচ, একটি খেলার ক্রিকেট ব্যাটসহ সুপারের মুঠোফোন, কক্ষ থেকে লুট করা দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলার খরনা হজরত শাহজাহান আউলিয়া (র.) এতিম ও হেফজখানায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এরপর পুলিশ লাশ উদ্ধারসহ হেফজখানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষক ও এই চারজন শিক্ষার্থীকে আটক করে।
হত্যাকাণ্ডের মূল রহস্য: এই তিনজন শিক্ষার্থী হত্যাকাণ্ড সংঘটিত করার দুই সপ্তাহ আগে থেকে নকল চাবি তৈরি করে হেফজখানা ও মাজারের দানবাক্স খুলে দু-তিন দিন পর পর টাকা চুরি করত। এতে নিহত সুপার ওই তিনজনকে সন্দেহ করার পর তাদের কাছ থেকে নকল চাবিও উদ্ধার করে। এ কারণে তাদের বকাঝকা করেন। একপর্যায়ে এ ঘটনায় আবদুর রহমান ওরফে টিপু সুলতানের পরিবারের কাছে বিচার দেন এবং বাকি দুজনের পরিবারের কাছে বিচার দেবেন বলে তাদের জানিয়ে দেন।
এ কারণে ক্ষুব্ধ হয়ে ঘটনার আগের দিন তারা তিনজন পরিকল্পনা করে সুপার আবদুল আজিজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাদ্রাসার পাশে একটি পানির ট্যাংকে ফেলে দেয়। এ সময় সুপারের চিৎকার শুনে হেফজখানার পরিচারিকা রওশন আরা (৪৫) বের হয়ে তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁরও ওপর হামলা করা হয়। ঘটনার পর ওই ছাত্ররা সবাই হাত-পা ধুয়ে আবার হেফজখানায় তাদের কক্ষে ঘুমিয়ে পড়ে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, কীভাবে শিক্ষার্থীরা একজন শিক্ষককে খুন করতে পারে, আমি শুনে আশ্চর্য হয়েছি।