দানবীর রণদা ও তাঁর ছেলে অপহরণের তদন্ত শুরু
মুক্তিযুদ্ধের সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহা অপহরণের ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে টাঙ্গাইলসহ বিভিন্ন স্থান পরিদর্শনও করেছেন তদন্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক খান প্রথম আলোকে বলেন, বিখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা তাঁদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।
রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলের অপহরণের ঘটনায় তখন ঢাকা জেলায় কোনো অপহরণ ও হত্যা মামলা হয়েছিল কি না, সে ব্যাপারে তথ্য জানাতে ঢাকার জেলা পুলিশ সুপারকে ৫ মে চিঠি দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এই চিঠি পাঠান। এই চিঠিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ৭ মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে নারায়ণগঞ্জের খানপুর এলাকার সিরাজউদ্দৌলা রোডের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। রণদা প্রসাদ সাহা হলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা তদন্ত করছে। অপহরণের ঘটনার পর তখন কোনো হত্যা, অপহরণ মামলা হয়েছিল কি না; ঢাকা, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের পুলিশ সুপারকে জরুরি ভিত্তিতে তা জানাতে বলা হয়েছে।
তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক খান বলেন, ‘এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আতাউর রহমানকে। তিনি আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করেছেন। আমরা নিজেরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
রণদা প্রসাদ সাহা ‘কুমুদিনী ডিসপেনসারি’ প্রতিষ্ঠা করেন। পরে সেটিই কুমুদিনী হাসপাতাল নামে পূর্ণতা লাভ করে। এ ছাড়া তাঁর প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামে ‘ভারতেশ্বরী বিদ্যাপীঠ’ স্থাপন করে ওই অঞ্চলে নারী শিক্ষার সুযোগ করে দেন। এটি ১৯৪৫ সালে ভারতেশ্বরী হোমসে রূপলাভ করে। ১৯৪৩ সালে টাঙ্গাইলে কুমুদিনী কলেজ প্রতিষ্ঠা করেন। বাবার নামে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ স্থাপন করেন। এ ছাড়া তিনি মির্জাপুরে কুমুদিনী মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।