দানবের বিরুদ্ধে মানবের লড়াই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শিরোনামের শান্তি সমাবেশ থেকে হরতাল অবরোধে মানুষ পোড়ানোর প্রতিবাদ জানানো হয়। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শিরোনামের শান্তি সমাবেশ থেকে হরতাল অবরোধে মানুষ পোড়ানোর প্রতিবাদ জানানো হয়। ছবি: প্রথম আলো

রাজনীতির নামে যারা সাধারণ মানুষ পোড়ায় তারা দানব। এই দানবদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শিরোনামে আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ সাদা পতাকা নিয়ে অবস্থান করেন।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও বুলবুল মহালনবিশের সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর অবরোধে নিহত লোকজনের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে ইডেন কলেজের আহত এক ছাত্রীর বাবা খোকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে যখন আর্তচিৎকার করে, তখন বুঝি যন্ত্রণা কাকে বলে। বার্ন ইউনিটে আক্রান্ত একেকটি পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। এই রাজনীতি পরিহার করুন। ’

নাট্যকার রামেন্দু মজুমদার বলেন, ‘আজকে যাঁরা অবরোধ করছেন, তাঁরা বার্ন ইউনিটে যান। দেখেন আপনাদের আন্দোলনের সফলতা। এভাবে সন্ত্রাসের রাজত্ব চলতে পারে না। শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। ’

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘যারা পেট্রলবোমা ও আগুন দিয়ে মানুষ হত্যায় নেমেছে, তারা দানব। এদের বিরুদ্ধে মানবের সংগ্রাম গড়ে তুলতে হবে। ইতিহাস বলে সেই সংগ্রামে মানবের জয় হবেই। ’
সাংবাদিক আবেদ খান বলেন, ‘অনেকেই সংলাপের কথা বলেন। কিন্তু যারা সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। আর সংবিধানের প্রতি আনুগত্যহীন কোন দলের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে নেই। ’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, অহিদুজ্জামান, মেসবাহ কামাল, আবদুল মান্নান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, জাসদ নেতা নাজমুল হক প্রধান, কবি আসলাম সানি, শরফুদ্দিন আহমেদ, সাংসদ সানজীদা খানম, সাবেক সাংসদ অপু উকিল প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজকেরা নাশকতা বন্ধ, এর সঙ্গে জড়িত লোকজনের বিচার, হতাহতদের ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবি জানান।