দাপা থেকে চাষাঢ়া পর্যন্ত বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-ঢাকা পুরোনো সড়কের দাপা থেকে চাষাঢ়া পর্যন্ত অংশ বেহাল হয়ে পড়েছে। সড়কটির পোস্তগোলা থেকে পঞ্চবটী পর্যন্ত অংশের অবস্থাও খারাপ। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকার পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে শুরু হয়ে চাষাঢ়া রেলগেট পর্যন্ত ওই সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। প্রস্থ ২৪ ফুট। তবে শ্যামপুর, কদমতলী এলাকায় কিছু কিছু স্থানে সড়কটির প্রস্থ ৩০-৩২ ফুট। সড়কটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়েছে। সড়কটির চাষাঢ়া থেকে ফতুল্লা পর্যন্ত অংশ একেবারেই বেহাল। চাষাঢ়ায় ডাকবাংলো, পুলিশ ফাঁড়ি, সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজের সামনের রাস্তাটি সরু হওয়ায় বেশির ভাগ সময়ই এখানে যানজট লেগে থাকে। রাস্তার বড় গর্তগুলো ইট-বালু দিয়ে ভরাট করায় যান চলাচলের সময় ধুলা ওড়ে। এতে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
চাষাঢ়া থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কের দুই পাশে ২৫টি স্কুল-কলেজ ও দুই শতাধিক কোচিং সেন্টার রয়েছে। আগে বৃষ্টির পানি সড়কের পাশে সওজের অধিগ্রহণকৃত নিচু জমি, জলাশয়ে গিয়ে পড়ত। সওজের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পরিষদের অধীনেও কিছু নিচু জমি রয়েছে। দুটি সংস্থাই এসব নিচু জমি, জলাশয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে। ইজারাগ্রহীতারা এসব জমি ও জলাশয় বালু ফেলে অপরিকল্পিতভাবে ভরাট করেছেন। এতে সড়কের পানি নিষ্কাশনের পথের বেশির ভাগই বন্ধ হয় গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার দুই পাশে পানি জমে যায়। সড়কের চাষাঢ়া থেকে মাসদাইর কবরস্থান পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অংশে সড়কবাতি থাকলেও বেশির ভাগ অংশেই তা নেই। ফলে মাসদাইর কবরস্থান থেকে পঞ্চবটী, দাপা, ইদ্রাকপুর, আলীগঞ্জ, পাগলা, শ্যামপুর, কদমতলী এলাকায় রাতের অন্ধকারে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে চলছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, সড়কটি মূলত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ওপর নির্মিত। ১৯৮৮ সালের বন্যার পর সড়কটির একটি অংশে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শক্তিশালী দেয়াল নির্মাণ করেছিল। কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের স্বার্থে চলাচলের পথ তৈরি করতে দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই বলেন, ‘জনস্বার্থে রাস্তা চওড়া করার জন্য চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলোর দেয়াল ভেঙে জায়গা দিতে আমরা রাজি আছি। কিন্তু পাশের পুলিশ ফাঁড়ির দেয়ালও একই সঙ্গে ভাঙা না হলে তা কোনো কাজে আসবে না।’
সওজের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, পোস্তগোলা থেকে পাগলা পর্যন্ত সড়কটির সংস্কার সম্পন্ন হয়েছে। পাগলা থেকে চাষাঢ়া পর্যন্ত সংস্কারকাজ শিগগিরই শুরু হবে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, গত ৯ মার্চ অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সড়কটির উন্নয়নে সওজ, জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সমন্বিত উদ্যোগ নেবে। চাষাঢ়া ডাকবাংলো থেকে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত সিটি করপোরেশনের সড়কটিকে সওজের সড়কের সঙ্গে একীভূত করে প্রশস্ত করা যায় কিনা সে বিষয়েও আলোচনা হয়েছে।