দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া ইজিবাইক, ঘটছে দুর্ঘটনা
কুষ্টিয়া পৌর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। এই যানগুলোর বেপরোয়া চলাচল, অদক্ষ চালক, যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানো-নামানোর কারণে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রাণহানির ঘটনাও ঘটছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া গত এক মাসে পৌর এলাকায় ইজিবাইকের কারণে কমপক্ষে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। কুষ্টিয়া ট্রাফিক কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, তিনটি ইজিবাইক পাশাপাশি পাল্লা দিয়ে চলতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভা থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৩৭টি ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু পৌর এলাকায় বর্তমানে কমপক্ষে চার গুণ ইজিবাইক চলছে। এসব ইজিবাইকের চালকেরা খুবই অদক্ষ এবং বিভিন্ন পেশা থেকে এসেছেন।
শহরের মজমপুর এলাকায় ট্রাফিক কার্যালয়ের সার্জেন্ট সুমন বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিভিন্ন সড়কে চলাচল করলেও শহরের এনএস রোড ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহানী পর্যন্ত আট কিলোমিটার এলাকায় ইজিবাইক বেশি চলাচল করছে। এসব সড়কে চলতে গিয়ে চালকেরা প্রতিযোগিতা করেন। যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো হয় ও ইউটার্ন নেন। এতে দুর্ঘটনা বেশি ঘটে। এ নিয়ে পৌরসভার তদারকি দরকার। তিনি বলেন, মহাসড়কে ইজিবাইক চালানো একেবারে অবৈধ। মহাসড়কটি পৌর এলাকার ভেতরে হওয়ায় সেটা দেখভাল করার দায়িত্ব পৌরসভার।
পৌর এলাকার বাসিন্দারা বলেন, ইজিবাইকগুলোর কারণে যানজট হয়। বেপরোয়া চলাচলের কারণে অন্য যানবাহনের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় সড়কগুলোতে লাইসেন্সবিহীন ইজিবাইক রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে।
সূত্র জানায়, এক বছরের জন্য একটি ইজিবাইককে ২ হাজার ৫০ টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়। কিন্তু অধিকাংশ ইজিবাইকের চালক নিয়মের ধার ধারেন না। গলিপথ থেকে শুরু করে মহাসড়ক পর্যন্ত দাপিয়ে বেড়ান।
পৌরসভার লাইসেন্স শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, প্রায় সময় পৌরসভায় ইজিবাইকের লাইসেন্স করতে বলা হয়। না করলে পৌরসভার ভেতরে আটকে রাখা হয়। পৌরসভার শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ বলেন, গত মাসে মাসিক সভায় ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন ইজিবাইকের চলাচলে বিধি আরোপসহ কিছু বিষয় আলোচনা হয়েছে। অচিরেই একটা সিদ্ধান্ত হতে পারে।