দাপুটে এক মৎস্য কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মৎস্য কার্যালয়ের এক কর্মচারী জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ওই কর্মচারী জব্দ করা জাল ও মাছ আত্মসাত্ করছেন এবং মৎস্য সংরক্ষণবিষয়ক উপজেলা টাস্কফোর্সের গতিবিধি সম্পর্কে মুঠোফোনে জেলেদের আগাম খবর দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায়ই ট্রাস্কফোর্সের অভিযান ব্যর্থ হচ্ছে।১৮ এপ্রিল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো এক প্রতিবেদনে মৎস্য উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক উপজেলা ট্রাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান এসব অভিযোগ করেন। এর আগে ১৬ এপ্রিল উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী জব্দকৃত মাছ আত্মসাতের অভিযোগে মাঠ সহকারী (ফিল্ড অ্যাসিসটেন্ট) মো. নাছির উদ্দিন খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেন।জেলা মৎস্য কর্মকর্তা এ বি এম ছিদ্দিক জানান, ২০০৯ সালের মার্চ ও এপ্রিলে জাটকা সংরক্ষণ অভিযান চলার সময় একই ধরনের অভিযোগে নাছির উদ্দিনের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালককে একটি প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়। কিন্তু নতুন কর্মস্থলে যোগদান না করে তিনি তদবিরের মাধ্যমে বদলির আদেশ স্থগিত করান।সেন্টার খাল মৎস্য আড়ত মালিক সমিতির একটি সূত্র জানায়, মার্চ ও এপ্রিল—এই দুই মাস মেঘনায় সব ধরনের মাছ ধরা, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ। কিন্তু নাছির উদ্দিন প্রতি মাসে ৩০ হাজার টাকা নিয়ে ওই ঘাটের ২২টি বেহুন্দি জালের মালিককে মাছ ধরার সুযোগ করে দিচ্ছেন।কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ তালেব জানান, গত ২৬ মার্চ মেঘনার তেলিরচর থেকে তিনটি অবৈধ জাল জব্দ করা হয়। নাছির উদ্দিন নিজেকে উপজেলা মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে জব্দকৃত জাল বাজেয়াপ্ত ঘোষণা করেন এবং সাড়ে চার লাখ টাকা দামের জাল নিজের হেফাজতে নিয়ে নেন। নাছির উদ্দিন খন্দকার তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।’