কাগজে-কলমে নাম ‘সরকারি আনন্দ মোহন কলেজ’। আর কলেজের সামনে মূল ফটকে বড় করে লেখা ‘আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ’। নামের এই গরমিলের কারণে দীর্ঘদিন ধরে বিভ্রান্তিতে আছেন কলেজের শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, অন্যতম শ্রেষ্ঠ বাঙালি, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও ব্যারিস্টার আনন্দ মোহন বসুর নামে ১৯০৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তখন কলেজটির নাম ছিল আনন্দ মোহন কলেজ। ১৯৮৮ সালে স্নাতকোত্তর কোর্স চালু হলে সরকারি সিদ্ধান্তে কলেজের নাম করা হয় আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ।
এরশাদ সরকারের পতন হলে নব্বইয়ের দশকের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আদেশের পর দাপ্তরিক সব কাগজে নাম পরিবর্তন করে সরকারি আনন্দ মোহন কলেজ লেখা হয়। কিন্তু কলেজের মূল ফটকে বড় করে লেখা আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ নামটি আর পরিবর্তন করা হয়নি।
কলেজের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, নব্বইয়ের দশকে কলেজের ছাত্ররা কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। এই দাবি ক্রমেই দলমত-নির্বিশেষে সব শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে পড়লে আন্দোলনের সঙ্গে যুক্ত তৎকালীন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা কলেজটির মূল ফটকে আরও বড় করে লেখেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ। কাগজে-কলমে কলেজটির নাম বদলে গেলেও ফটকের লেখাটি এখনো রয়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, ভর্তির পর নতুন শিক্ষার্থীদের কেউ আবেদনপত্রে ফটক দেখে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ নাম ব্যবহার করলে শিক্ষকেরা ওই আবেদন গ্রহণ করেন না। পরে একই আবেদনপত্র পুনরায় লিখতে হয়।
কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান বলেন, নব্বইয়ের দশকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা ফটকের নামটি দিয়েছিলেন। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি আনন্দ মোহন কলেজ নামেই তালিকাভুক্ত।
কলেজের অধ্যক্ষ এম এ মান্নান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাগজে-কলমে বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করার নিয়ম নেই। ফটকের নাম পরিবর্তনেও আইনি কোনো বিধিনিষেধ নেই। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবির আবেগ জড়িত বিধায় পরিবর্তন করা হচ্ছে না। শিক্ষার্থীদের বিভ্রান্তির বিষয়টি অন্য কোনোভাবে দূর করার চেষ্টা করা হবে।