দাপ্তরিক কাজ ফেলে এলজিইডির কর্মীরা নির্বাচনে ব্যস্ত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বন্ধ রেখে সপ্তাহব্যাপী এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের পক্ষে ভোটের জন্য কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াহিদুর রহমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে হেলাল-মতিন প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গতকাল বুধবার সারা দেশে একযোগে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা ইউনিট কমান্ড কাউন্সিল নির্বাচন হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির উপজেলা কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, এলজিইডির ঢাকা দপ্তর থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে মাঠপর্যায়ে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে সরাসরি ভোট প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক প্রায় এক সপ্তাহ ধরে দাপ্তরিক কাজকর্ম প্রায় বন্ধ রেখে তাঁরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে ওয়াহিদুর রহমানের জন্য ভোট চেয়েছেন।
হাজীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র করা হয়েছে। গতকাল উপজেলা প্রকৌশলী আশ্রাফ জামিলকে ওই কেন্দ্রের বাইরে শামিয়ানা টানিয়ে ভোটারদের বসার ব্যবস্থাসহ চা-নাশতা খাওয়ার ব্যবস্থা করতে দেখা গেছে।
ভোটকেন্দ্রের কাছে কথা হয় এক ঠিকাদারের সঙ্গে৷ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘গত সোমবার আমার ছাদ ঢালাইয়ের কথা ছিল কিন্তু নির্বাচনে সবাই ব্যস্ত থাকার কারণে আমার কাজও বন্ধ রাখা হয়েছে। প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীরা এভাবে দাপ্তরিক কাজ বন্ধ রেখে একজন প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকা ঠিক হয়নি।’
আশ্রাফ জামিল বলেন, ‘আমরা প্রত্যেক ভোটারের কাছে আমাদের প্রার্থীর বার্তা পৌঁছে দিয়েছি। আশা রাখি, আমাদের প্রার্থী অবশ্যই বিজয়ী হবেন।’ দাপ্তরিক কাজ বন্ধ রেখে এভাবে সরাসরি প্রচার-প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব কর্মকর্তা-কর্মচারীকে এ কাজ করতে হয়েছে। এ ছাড়া অন্য কোনো উপায় ছিল না।