প্রয়োজনীয় লোকবলের অভাবে নওগাঁর প্রায় ৯০ বছরের পুরোনো রানীনগর রেলস্টেশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্টেশন দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার যাত্রী বিপাকে পড়েছে।
উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা ওয়াহেদুল ইসলাম বলেন, স্টেশনে রেলওয়ের কোনো কর্মচারী না থাকায় যাত্রীরা ট্রেনের আসা-যাওয়ার সময় জানতে ও মালামাল বুকিং দিতে পারে না। এটি সান্তাহার জংশন স্টেশনের পরের স্টেশন হওয়ায় এখানে বিভিন্ন ট্রেনের ক্রসিং হয়। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় জনবল না থাকায় ঝুঁকির মধ্যে লাইনের পয়েন্ট সংযোগ দেওয়াসহ ট্রেন পারাপারের কাজ চলছে।
এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সুজিত কুমার বিশ্বাস জানান, বর্তমানে পর্যাপ্ত জনবলের অভাবে পাকশী বিভাগের ৪১টি স্টেশন বন্ধ হয়ে আছে। নতুন করে জনবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই নতুন নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হলে অনেক স্টেশন সচল করা সম্ভব হবে বলে আশা করা যায়। তিনি আরও জানান, বেশ কয়েকটি স্টেশন বর্তমানে চুক্তিভিত্তিক মাস্টার দিয়ে সচল রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ে বিধি অনুযায়ী এই স্টেশনে সব মিলিয়ে ১১ জন লোকবল থাকার কথা। কিন্তু আছেন মাত্র তিনজন। স্টেশনে একজন স্টেশন মাস্টার ও দুজন সহকারী স্টেশন মাস্টারের একজনও নেই। পাঁচজন পয়েন্টম্যানের মধ্য আছে দুজন, পোর্টার একজন থাকার কথা থাকলেও ওই পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া রানীনগর-আবাদপুকুর ব্যস্ত সড়কে রেলগেটে দুজন গেটম্যানের মধ্যে রয়েছে একজন। ওই গেটম্যান দিনের বেলা ১০ ঘণ্টা দায়িত্ব করেন। বাকি সময় রেলগেট থাকে সম্পূর্ণ অরক্ষিত। দুই মাস ধরে দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে স্টেশনে কোনো জনবল ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় খোয়া যাচ্ছে রেলওয়ের অনেক মূল্যবান সম্পদ।
সরেজমিনে দেখা গেছে, স্টেশনে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তবে স্টেশনের বাইরে দুই ব্যক্তি টেবিলের পাশে বসে ট্রেনের টিকিট বিক্রি করছেন। তাঁরা জানান, বেসরকারি খাতে পরিচালিত মেইল ট্রেনের টিকিট বিক্রি করছেন। তবে ট্রেন আসবে কি না বা কখন আসবে, তাঁরা তা জানেন না।
স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে চারটি মেইল ট্রেন রানীনগর স্টেশনে থামলেও স্টেশনে কোনো কর্মচারী না থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। ট্রেনের সময় জানা, টিকিট, মালপত্র বুকিংসহ বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, রানীনগর উপজেলাসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের মানুষ এই রেলস্টেশন দিয়ে সহজ উপায়ে চলাচল ও মালপত্র পরিবহন করত। প্রায় এক দশক আগে এই স্টেশনে চারটি মেইল ট্রেন ও দুটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ লোকাল ট্রেন দুটি বন্ধ করে দেয়।