দাপ্তরিক জটিলতায় চালু হচ্ছে না ২৪টি গভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় জমিতে সেচের জন্য চার বছর আগে পাঁচ কোটি টাকা ব্যয়ে ২৪টি গভীর নলকূপ স্থাপনের কাজ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষ ও পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ সেচ প্রকল্পের (পানাসি) মধ্যে দাপ্তরিক জটিলতায় তা এখনো চালু হয়নি। এতে দেড় হাজার একর জমি সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বিএমডিএর বড়াইগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে লালপুরের বিভিন্ন গ্রামে ওই ২৪টি গভীর নলকূপ স্থাপন শুরু করে। ইতিমধ্যে ১০টি নলকূপ স্থাপন, পাম্পঘর ও নালা তৈরি এবং বিদ্যুৎ-সংযোগের জন্য পুল স্থাপনের কাজ শেষ হয়েছে। স্থানীয় কৃষকেরা সমবায়ের ভিত্তিতে প্রতিটি নলকূপের জন্য এক লাখ টাকা করে বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে জামানতও দিয়েছেন। অবশিষ্ট ১৪টি নলকূপ স্থাপন ও নালা তৈরির কাজও শেষ হয়েছে। তবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কর্তৃপক্ষ একটি নলকূপও চালু করেনি। এসব নলকূপের অধীন পাঁচ হাজার চাষির দেড় হাজার একর জমি রয়েছে। সেচের অভাবে চাষিরা প্রয়োজনমতো ফসল ফলাতে পারছেন না। আবার জামানত হিসেবে জমা দেওয়ার টাকাও ফেরত পাচ্ছেন না।
লালপুরের চষুডাঙ্গা গ্রামের নলকূপ পরিচালক আবদুল মালেক বলেন, সারা বছর ভালো ফসল ফলানোর আশায় চার বছর আগে এক লাখ টাকা জামানত দিয়ে নলকূপ বসানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তার সুবিধা পাওয়া গেল না। কবে পাওয়া যাবে তাও কেউ জানাতে পারছে না।
গবরপুর গ্রামের চাষি শফিউল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলে, দাপ্তরিক জটিলতায় নলকূপ চালু করা যাচ্ছে না। আমরা সাধারণ কৃষক। জটিলতার কথা শুনতে চাই না। পানি চাই।’
বরেন্দ্র কর্তৃপক্ষের বড়াইগ্রাম অঞ্চলের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ২০১০ সালের জুনে সরকার যে নীতিমালা করে, সেখানে বলা হয়, একই জায়গায় সরকারি দুটি সংস্থা একসঙ্গে কাজ করতে পারবে না। কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষ ২০১০ সালের পর ওই এলাকায় কিছু নলকূপ বসায়—এ কারণে পানাসি ও তাদের মধ্যে দাপ্তরিক জটিলতার সৃষ্টি হয়। ফলে লালপুরের নলকূপগুলো চালু করা যাচ্ছে না।
বিএডিসি (পানাসি প্রকল্প) বড়াইগ্রামের সহকারী প্রকৌশলী হাসান আলী জানান, নীতিমালা অনুসারে, ২০১০ সালের জুনের পর যেখানে পানাসি কাজ করে সেখানে অন্য কেউ নলকূপ স্থাপন করতে পারবে না। কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষ ২০১০ সালের জুনের পর সেখানে নলকূপ স্থাপন করে জটিলতার সৃষ্টি করেছে।
বরেন্দ্র কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শমসের আলী বলেন, ‘এ সমস্যার সমাধান আমাদের হাতে নেই। কৃষি মন্ত্রণালয় এই নলকূপগুলো চলমান যেকোনো প্রকল্পের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দিলে সমস্যার সমাধান করা যাবে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।’
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘নলকূপগুলো চালু না হওয়ায় আমার এলাকার কয়েক হাজার চাষি চরম বিপাকে পড়েছেন। সরকার নীতিমালা করে জনসাধারণের জন্য। নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হলে তা করতে হবে। সম্প্রতি বরেন্দ্র কর্তৃপক্ষের সমস্যা সমাধানের তাগিদ দিয়েছি। কৃষিমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে আলাপ করব।’