বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানালেন রাজধানীর একটি আলোচনা সভার বক্তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে এ আলোচনা সভার এক বক্তা বলেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার এই যাত্রায় অনেক খাটুনি আছে। এটি অর্জন করতে হলে দেশের উন্নয়ন ঘটাতে হবে। বিশ্ব বাঙালি সম্মেলন ও দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে ওই আলোচনার আয়োজন করে। একজন বক্তা বলেন, এমিরেটস, কাতার ও ইত্তেহাদ এয়ারলাইনসে যাত্রী অধিকাংশই বাঙালি, অথচ যাঁরা আছেন, তাঁরা ঘোষণাগুলো দেন আরবি ও ইংরেজিতে। বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব এ টি এম গিয়াস উদ্দিন ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রকিব খান। নিজস্ব প্রতিবেদক