দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবিতে সাড়া মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার অনুরোধের পরও বাংলাকে অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের এ প্রস্তাব নিয়ে বিশ্ব সংস্থাটি আদৌ ভাবছে কি না, তা-ও পরিষ্কার নয়। দুজন প্রবাসী বাংলাদেশির সূচিত উদ্যোগের ফলশ্রুতিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পর থেকে বাংলাদেশ সরকার বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে আসছে। দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেলে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সব নথি বাংলায় অনুবাদ করে প্রকাশ ও প্রচার করা সম্ভব হবে। এ দুই পরিষদের কার্যবিবরণীর পাশাপাশি সব ভাষণ, তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনার খুঁটিনাটিও পাওয়া যাবে বাংলায়। বর্তমানে ইংরেজির বাইরে সংশ্লিষ্ট ভাষাভাষী মানুষের সংখ্যার বিচারে শীর্ষ কয়েকটি ভাষা (ফরাসি, স্পেনীয়, চীনা, রুশ ও আরবি) জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত। ভাষাবিষয়ক সবচেয়ে বিশদ তথ্যভান্ডার হিসেবে বিবেচিত ‘এথনোলগ’-এর তথ্যমতে, বিশ্বে ভাষাভাষীর সংখ্যার বিচারে বাংলার স্থান এখন ষষ্ঠ।জাতীয় সংসদ ২০০৯ সালে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব পাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এ দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, বাংলা ভাষায় বিশ্বের ৩০ কোটি মানুষ কথা বলে। এ ভাষার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাহিত্য। ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা ঢাকায় এলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও এ বিষয়ে তাঁকে উদ্যোগ নিতে অনুরোধ জানান। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যও বাংলাদেশের এ দাবির সঙ্গে একমত পোষণ করেছে।তবে বাংলার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে কবে স্বীকৃতি মিলবে, সে সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু বলতে পারছেন না। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের প্রথম আলোকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিয়েছেন। এখন বিষয়টি জাতিসংঘের উদ্যোগের ওপর নির্ভর করছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের মহাপরিচালক সাইয়েদা মুনা তাসনীম জানান, প্রধানমন্ত্রী অনুরোধ জানানোর পর থেকে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব কনফারেন্স সার্ভিসেসে আলোচনা চলছে। সমর্থন পেতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলেছে। তবে এ বিষয়ে কোনো অগ্রগতির কথা জানে না ঢাকার ইউনেসকো কার্যালয় কিংবা ইউনেসকো কমিশন। ইউনেসকোর কর্মসূচি ব্যবস্থাপক শিরীন আখতার বলেন, বাংলাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো অগ্রগতির কথা তাঁরা জানেন না। জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি চাইছে আরও চারটি ভাষা। এগুলো হচ্ছে: এসপারান্তো, হিন্দি, পর্তুগিজ ও তুর্কি। মনে করা হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালু করতে অর্থও একটি বড় বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, বাংলাদেশের অর্থ ও প্রশিক্ষিত জনবলের সংকট আছে। বাংলা দাপ্তরিক ভাষার স্বীকৃতি পেলে বাংলাদেশকে জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থাগুলোয় সার্বক্ষণিক অনুবাদক নিয়োগ দিতে হবে। খুঁটিনাটি সব কাগজ অনুবাদ করে প্রকাশ ও প্রচারের উদ্যোগ নিতে হবে। গত বছর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদে বলেন, জাতিসংঘের কাগজপত্র বাংলায় অনুবাদ করতে সব মিলিয়ে বছরে খরচ হবে কমপক্ষে ৪৪০ কোটি টাকা। তিনি আরও উল্লেখ করেন, দাপ্তরিক ভাষার স্বীকৃতিতে ২০১০ সালে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সমর্থন চাইলে তারা অর্থায়নের বিষয়টি কে নিশ্চিত করবে, তা জানতে চায়। এদের কেউ আর্থিক দায় নিতে ইচ্ছুক নয়।