দাফন বা লাশ দেশে নিতে অনুমতি চায় বাংলাদেশ মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত চার বাংলাদেশির দাফন সম্পাদন অথবা লাশ দেশে ফিরিয়ে নিতে পরিবারগুলোর অনুমতি চেয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশন। খবর জিডিএন অনলাইনের। 
ইয়েমেন-সংলগ্ন দেশটির আসির প্রদেশে স্পেশাল ইমার্জেন্সি ফোর্স নামে একটি নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদর দপ্তরে অবস্থিত মসজিদটিতে গত বৃহস্পতিবার ওই বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হন। নিহত বাংলাদেশিরা হলেন লক্ষ্মীপুরের আফাজউদ্দিন, কুমিল্লার মোহাম্মদ জীবন ও বরিশালের মাইনুল মৃধা। বেলাল হোসেন নামে অপর এক বাংলাদেশির ঠিকানা জানা যায়নি। ওই ঘটনায় আরও চার বাংলাদেশি আহত হন। আহতেরা হলেন টাঙ্গাইলের আসাদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার নুরুল ইসলাম ও কুমিল্লার খোকন মিয়া। চান মিয়া নামে অপর আহত বাংলাদেশির ঠিকানা জানা যায়নি। এঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহত বাংলাদেশিদের সবাই রিয়াদের আল ইয়াসরা নামে একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁদের লাশ আভা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা চলছে আসির সেন্ট্রাল হাসপাতালে।