নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর বিএনপির কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে নিহত জেলা বিএনপির সদস্য পতিক উল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। পতিক উল্লাহর পরিবার জানায়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঘোড়াশাল বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে লাশ ঘোড়াশাল কবরস্থানে দাফন করা হয়। জানাজায় নরসিংদী-২ আসনের (পলাশ) সাংসদ আনোয়ারুল আশ্রাফ খান, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল ইসলাম, জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক এলদেম কবীর উপস্থিত ছিলেন।এ সময় সাংসদ ওসিকে হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। ওসি বলেন, ‘আমরা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করছি, হত্যাকাণ্ডটি কিছুটা রাজনৈতিক, আর কিছুটা সামাজিক বিরোধ।’