দাফনের আগে জামা দেখে লাশ শনাক্ত করলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্জুমান মুফিদুল ইসলামের লাশবাহী গাড়ির বহর জুরাইন কবরস্থানে পৌঁছালে উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলেন বোরখা পরা একজন নারী। গাড়িতে থাকা কর্মীদের একটি ছবি দেখিয়ে বললেন, তাঁর মেয়ে ফরিদাকে খুঁজছেন। এখানে তাঁর লাশ আছে কি না, দেখতে চান। কর্মীরা লাশগুলো দেখালে একটি লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন ওই নারী ফাহিমা। বলেন, এই তাঁর মেয়ে।গায়ের জামা দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন ফাহিমা। সঙ্গে আসা স্বজনেরাও কান্নায় ভেঙে পড়ে বলেন, জামাটি ফরিদাকে বড় ভাই উপহার দিয়েছিলেন। শেষ মুহূর্তে শনাক্ত করতে পারায় অশনাক্ত ৩২ জনের সঙ্গে ফরিদাকে জুরাইনে কবর দেওয়া হয়নি। তাঁর লাশ দাফনের জন্য স্বজনেরা নিয়ে গেছেন গ্রামের বাড়ি বরগুনায়। সাভারে ভবনধসে নিহত ফরিদাকে গ্রামে ফিরিয়ে নিচ্ছেন, এটিই স্বজনদের সান্ত্বনা।ভবনধসে নিহত ব্যক্তিদের মধ্যে অশনাক্ত ৩২ জনের লাশ গত বুধবার বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। গত নভেম্বরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে অশনাক্ত ব্যক্তিদের লাশও এখানে দাফন করা হয়েছিল।আঞ্জুমান মুফিদুলের উপপরিচালক (সেবা) সারওয়ার জাহান বলেন, জামা দেখে ফরিদার লাশ শনাক্ত করেন তাঁর মা। এরপর তাঁর লাশ আঞ্জুমানের গাড়িতে করেই গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।শনাক্ত না হওয়া ৩২ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে, পরে তাঁদের শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সিআইডি প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে নির্দিষ্ট ক্রমিকে সংরক্ষণ করছে। ওই ক্রমিক নম্বরের ভিত্তিতেই তাঁদের দাফন করা হয়েছে।এদিকে একটি লাশের দাবিদার দুজন হওয়ায় লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দাবিদারদের ডিএনএ পরীক্ষা করে প্রকৃত স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ১৯টি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে থাকা ১৪টি মরদেহ দাফনের জন্য বুধবার জুরাইন কবরস্থানে নেওয়া হয়। শেষ মুহূর্তে একজনের লাশ শনাক্ত হওয়ায় তা স্বজনদের হস্তান্তর করা হয়। বাকি ৩২টি লাশ ক্রমিক নম্বর দিয়ে দাফন করা হয়েছে। তিনি জানান, সাভার থেকে উদ্ধারের পর এ পর্যন্ত মোট ৭০টি লাশ দুটি মর্গে পাঠানো হয়।ঢাকা মেডিকেলের মর্গে থাকা অজ্ঞাত ২১টি লাশের মধ্যে বুধবার দুপুরে পোশাকশ্রমিক হাসিনার পরিচয়পত্র পাওয়া যায়। পরে স্বজনদের ডেকে লাশ হস্তান্তর করা হয়। সলিমুল্লাহ মেডিকেল মর্গে এক নারী শ্রমিকের মরদেহের সঙ্গে মুঠোফোন পাওয়া যায়। মুঠোফোনটি চালু করে তাঁর স্বজনদের ডেকে লাশ নওগাঁর মহেশপুরে পাঠানো হয়। তাঁর নাম সুলতানা পারভিন।লাশগুলো কবরস্থানে নেওয়ার আগে মর্গের সামনে প্রথম নামাজে জানাজা হয়। জুরাইন কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন শুরু হয়। আঞ্জুমান মুফিদুলের নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম জানান, ধর্মীয় রীতি মেনেই লাশ দাফন করা হয়েছে।লাশ দাফনের খবর পেয়ে বুধবার নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা জুরাইন কবরস্থানে জড়ো হন। তাঁদের শনাক্ত করার জন্য দাফনের আগে লাশ আরেকবার দেখার সুযোগ দেওয়া হয়।