দাফনের আট দিন পর লাশ উত্তোলন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দাফনের আট দিন পর গতকাল শনিবার পিয়ারুন বেগম নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে।সাত মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূকে হত্যা করার পর স্বজনদের বাধা উপেক্ষা করে দাফন করা হয়েছে উল্লেখ করে মামলা দায়েরের পর তাঁর লাশ উত্তোলন করা হলো। নিহত পিয়ারুনের মা সিরাজুন বেগম গত বুধবার কুলাউড়া থানায় এই মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, গতকাল বেলা ১১টার দিকে মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুসের উপস্থিতিতে পিয়ারুনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দী গ্রামের মাসুক মিয়া ২০০১ সালে পার্শ্ববর্তী কর্মধা ইউনিয়নের দোয়াল গ্রামের পিয়ারুনকে বিয়ে করেন। তাঁদের সাত বছরের একটি ছেলে রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর মাসুক প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। ১২ মে রাতে মাসুক শ্বশুরবাড়িতে গিয়ে খবর দেন, পিয়ারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দেখতে পায় পিয়ারুন মারা গেছেন।সিরাজুন বেগম অভিযোগ করেন, পিয়ারুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাঁদের বাধা উপেক্ষা করে পিয়ারুনের শ্বশুরবাড়ির লোকজন পরদিন তাঁর লাশ দাফন করে।