দাফনের চার দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা হওয়ায় দাফনের চার দিন পর পাপিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের শ্বশুরবাড়ির পাশের কবরস্থান থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ, নিহতের স্বজন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর আগে ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস সালামের সঙ্গে মহিদ্দিননগর গ্রামের বারেক আলীর মেয়ে পাপিয়ার বিয়ে হয়। প্রায় ১০ বছর ধরে সালাম সিঙ্গাপুর থাকেন। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।
পাপিয়ার এক মামাশ্বশুর দাবি করেন, গত সোমবার রাত ১১টার দিকে পাপিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই পাপিয়ার স্বামী সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরেন। পরে ময়নাতদন্ত ছাড়াই পাপিয়ার লাশ দাফন করা হয়। বৃহস্পতিবার পাপিয়ার ফুফা আবদুল টুকু সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পাপিয়ার স্বামী, ভাশুর এবং শ্বশুর-শাশুড়িসহ ছয়জনকে আসামি করা হয়।
পাপিয়ার স্বজনেরা দাবি করেন, শ্বশুরবাড়ির লোকজন পাপিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সোমবার সালাম বিদেশে থাকলেও মুঠোফোনে তাঁর নির্দেশে শ্বশুরবাড়ির লোকজন বেদম মারধর করলে পাপিয়ার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, স্বজনেরা মামলা করায় পাপিয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আসামিরা পলাতক। তাই গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।