দাফনের ১০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে হিজবুত তওহিদ ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত মজিবুল হকের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে দাফনের ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে কবর খুঁড়ে লাশ তোলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ, সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী, উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেনের উপস্থিতিতে মৃতদেহটি উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে আবার লাশ হস্তান্তর করা হয়। নিহত মজিবুল হক চাষীরহাট ইউনিয়নের খোদখাস্তা গ্রামের মৃত আজহার আলীর ছেলে। তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া প্রথম আলোকে বলেন, ১৪ মার্চ সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। এর মধ্যে দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। কিন্তু মজিবুল হকের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে দাফন করেন। এ কারণে লাশের ময়নাতদন্ত করা যায়নি।
১৪ মার্চ চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে হিজবুত তওহিদ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।