দাফনের ৮ দিন পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দাফনের ৮ দিন পর শরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত শরিফুলকে অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় ২১ সেপ্টেম্বর দাফন করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ২০ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর উপজেলার মূলাইদের ওয়াপদা মোড় এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হন। এর মধ্যে ট্রাক চালক টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ নাটিখোলার ইয়াকুব আলী (৪৮) ও চুয়াডাঙ্গা সদরের ফিরোজ রোড এলাকার জিয়াউর রহমান রনির (৩২) লাশ স্বজনরা নিয়ে যান। কিন্তু তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পরে পুলিশের সংগৃহীত আলামত লুঙ্গি ও গেঞ্জি দেখে শ্রীপুর উপজেলার বরমীর পাঠানটেক এলাকার মইনুল ইসলাম ওই লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। শরিফুল বরমী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বর লাশটি উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তরের পর পারিবারিক কবরস্থানে পুনরায় দাফন করা হয়।