দাবদাহ-লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দুই উপজেলায় এলাকাভেদে ২৪ ঘণ্টার মধ্যে ৪ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। বাকি সময় লোডশেডিংয়ের কবলে থাকতে হচ্ছে এলাকাবাসীকে।
অব্যাহত লোডশেডিংয়ে ক্ষুব্ধ বেড়া ও সাঁথিয়া উপজেলার মানুষ গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাঁথিয়া কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
দুই উপজেলার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ ছাড়া প্রচণ্ড গরমেও বিদ্যুৎ না থাকায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গত মঙ্গলবার লোডশেডিংয়ের মধ্যে ক্লাস করার সময় বেড়া পৌর এলাকার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বলেন ‘লোডশেডিংয়ের কারণে রাতের বেলায় পরিবারের কেউই ঘুমাতে পারি না। এতে কয়েক দিন হলো, আমাদের কারোরই শরীর ভালো নেই। এরই মধ্যে আমার মেয়ে ক্লাসরুমে দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’
এদিকে গত সোমবার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বাসিন্দা রইজ মোল্লা (৬৫) গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেড়া বাজারের হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘আমি হার্টের রোগী। বিদ্যুৎ না থাকায় না ঘুমিয়ে চরম কষ্টে রাত কাটাই। এভাবে আমি আরও অসুস্থ হয়ে পড়েছি। দিনের বেলা দোকানে এসে ব্যবসা-বাণিজ্য কিছুই ভালো লাগে না।’
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, বেড়া, সাঁথিয়া, সুজানগর উপজেলার জন্য চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এলাকাগুলোর জন্য পিক আওয়ারে ৫৫ মেগাওয়াটের স্থলে ২০ ও অফ পিক আওয়ারে ৪০ মেগাওয়াটের স্থলে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এর ওপর বিদ্যুতের মূল সঞ্চালন লাইন ও অভ্যন্তরীণ সঞ্চালন লাইন পুরোনো হওয়ায় দুর্বল হয়ে পড়েছে। এসব সঞ্চালন লাইনে নির্ধারিত সীমার চেয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো মাত্রই শাহজাদপুরে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক সাহিদুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে, সেটা আমরাও বুঝতে পারছি। তারপরও আমাদের কিছু করার নেই। আমরা যেভাবে যা বিদ্যুৎ পাচ্ছি, সেভাবেই এলাকাবাসীর মধ্যে সরবরাহ করছি। আগামী জুন-জুলাইতে বেড়ায় নবনির্মিত বিদ্যুৎ সাব-স্টেশনটি উদ্বোধন হলে বিদ্যুৎ-সমস্যা অনেকটাই কেটে যাবে বলে আশা করছি।’