‘এমন গরম আর রোদের সাট (তাপ) কোনো দিন দেখং নাই বাহে। আগুনের মতো। শরীলত ফোসকা ফেলায়। এমন গরম খালি পায়ে মাটিত পাও দেওয়া যায় না।’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভগবর্তীপুর চরের নূর ইসলাম।
পায়ের ফোসকা দেখিয়ে তিনি বলেন, ‘ধান কাটপার জন্য খালি পায়ে চরোত হাঁটি গেছিলাম। বালুর তাপে পায়ের তালা পুড়ি গেইছে।’
ভগবর্তীপুর চরের মতো প্রচণ্ড দাবদাহে জেলার ৪২০টি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড দাবদাহ ও ধূলিঝড়ে মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। চরাঞ্চলে গাছপালা কম এবং বালুতে তাপ বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গরম আর ধূলিঝড়ে চরাঞ্চলের অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। চরের শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে জ্বর ও ডায়রিয়ায়।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে নেমে আধা কিলোমিটার চরের বালু মারিয়ে যাত্রাপুর ঘাট। ঘাটে ১৫টির মতো নৌকা বাঁধা থাকলেও মাঝি নেই। তিনজনকে ঘাটে চায়ের দোকানে ঝিমুতে দেখা যায়। গরমে কেউ নৌকা চালাতে আগ্রহী নন। পরে ভাড়া বেশি দেওয়ার কথা বলে আবদুস ছালাম নামে একজনকে রাজি করানো হয়। ব্রহ্মপুত্রে ৩০ মিনিট ধরে তিন কিলোমিটার যাওয়ার পর খাসেরচর ঘাটে এসে থামে। নদ শুকিয়ে চারদিকে বিশাল চর জেগেছে। সামান্য পানিতে নদের অস্তিত্ব টিকে আছে। নৌকা থেকে নেমে চরের বালিতে পা দিতেই যেন আগুনের তাপ এসে লাগল। কিছুদূর হেঁটে মেহের জামালের বাড়িতে ঢুকে দেখা গেল, সবাই মাটিতে পাটি পেতে শুয়ে আছেন। জামাল বলেন, গরমের কারণে এক সপ্তাহ ধরে জমিতে কাজে যেতে পারছেন না। চরের ঘরে ঘরে শিশু ও বৃদ্ধদের জ্বর ও ডায়রিয়া শুরু হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে বেসরকারি সংস্থা চালিত স্কুল চোখে পড়ে। স্কুলঘরটি তখন ফাঁকা।
মেছের উদ্দিন নামে একজন বলেন, গরমে শিশুরা বিদ্যালয়ে আসে না। নদে নৌকা চলাচল কমে যাওয়ায় শিক্ষকেরাও আসতে পারছেন না। চরের অধিকাংশ স্কুলেই পাঠদান বন্ধ রয়েছে।
খাসেরচর থেকে নৌকায় এক কিলোমিটার পথ পেরিয়ে ভগবর্তীপুরে চরে এসে কথা হয় সামছুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা দিন আনি দিন খাই। তাপের কারণে কামত যাবার না পারি খুব সমস্যায় পড়ছি। কোনো চরে কাম নাই। খুব দরকার ছাড়া চরের মানুষ রোদ না কমা পর্যন্ত বাড়ির বাইরে যায় না।’
বিকেলে ঝুনকারচর, প্রথম আলো চর, রাউরিয়া ঘুরে ফেরার পথে দেখা যায়, রোদের তাপ কমে আসায় লোকজন গরু নিয়ে নদে আসছেন। রাউলিয়ার চরের মিজানুর রহমান নামে একজন যুবক বলেন, ‘হামরা এল্যা তিনবার গোসল করি। সকাল, দুপুর ও বিকালে। পানিত শুতি থাকি। খুব আরাম নাগে।’
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সর্দি, জ্বর ও ডায়রিয়া হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ডায়রিয়া রোগীর সংখ্যা আরও বাড়বে।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল জানান, অনেক স্থানে ধান পেকেছে। গরমের কারণে কৃষকেরা মাঠেও যেতে পারছেন না।