দাবদাহে জীবনযাত্রা দুর্বিষহ
তীব্র দাবদাহে সারা দেশে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। আকাশ নির্মেঘ। দিনমান কাঠফাটা রোদ্দুর। চলছে তাপপ্রবাহ। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ঘনঘন বন্ধ থাকায় গরমে জনজীবনের হাহুতাশ বেড়েই চলেছে। সঙ্গে আছে নগরজীবনে পানির সংকট। শিগগির যে এ চরমভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটবে, তেমন লক্ষণও দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী অন্তত এক সপ্তাহের মধ্যে এই গুমোট ভাব কেটে গিয়ে পরিবেশ কোমল হতে পারে, এমন বৃষ্টির সম্ভাবনা নেই।ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ছায়াহীন এই রুক্ষ শহরে ছাদের তলা থেকে পথে নামলেই আগুনের হলকার মতো গরম হাওয়ার ঝাপটা শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। স্বস্তি নেই ঘরেও। অধিকাংশ সময় কাটছে বিদ্যুিবহীন। তাতে গুমোটের যন্ত্রণার সঙ্গে ঘর-সংসারের প্রাত্যহিক কাজেও বিঘ্ন ঘটছে। বড় অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। এইচএসসি পরীক্ষা চলছে। দিনে গরম-গুমোট, রাতে লোডশেডিংয়ে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। অন্যদিকে, যাঁরা কায়িক পরিশ্রম করেন, সেই শ্রমজীবী মানুষের কষ্ট এই খরতাপ বাড়িয়ে তুলেছে বহুগুণ। গরম-গুমোটের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটে জ্বর, জন্ডিস ও ডায়রিয়ার মতো মৌসুমি রোগও ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। মহানগর ও আশপাশের এলাকায় শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আইসিডিডিআরবিতে প্রতি ঘণ্টায় ৪০ জনেরও বেশি রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাধারণত আমাদের দেশে চৈত্র-বৈশাখ মাসে তাপমাত্রা বেড়ে যায়। এ সময় কখনো কখনো দেশের উষ্ণপ্রধান রাজশাহী অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ বছর রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এ মৌসুমে ঢাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। সে অনুসারে আবহাওয়া বিভাগের মতে, পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়। বাতাসে এখন প্রচুর আর্দ্রতা আছে বলে গরমে ঘাম হচ্ছে এবং অস্বস্তি বাড়ছে। এ সময় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। সপ্তাহ খানেকের মধ্যে সিলেট অঞ্চলে শেষ-বিকেলে বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।