দাবদাহে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমছে
বর্ষা মৌসুমেও খরতাপে পুড়ছে ঠাকুরগাঁও। প্রচণ্ড গরমে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া রোদ থাকায় প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ।
ঠাকুরগাঁওয়ে আবহাওয়া পর্যবেক্ষণের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও সূত্রে জানা যায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে গত বুধবার তা আরও বেড়ে যায়। দুপুরে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় গরম আরও বাড়ছে।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে জানা যায়, চার-পাঁচ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম। সদর উপজেলার খড়িবাড়ি কাচারিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর জানান, তাঁর বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বিদ্যালয় ভবনের ছাদ টিনের হওয়ায় গরমে কষ্ট পায় শিক্ষার্থীরা। তাই এক সপ্তাহ ধরে ১৩৫ শিক্ষার্থীর অর্ধেকই বিদ্যালয়ে আসছে না।
পূর্ব শুখানপুখুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল জানান, দু-এক দিনের মধ্যে গরম না কমলে বিদ্যালয়ের ক্লাস সকালের দিকে এগিয়ে আনার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করা হতে পারে।
ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল সালেক, মামুনুর রশীদ, রত্না রায়সহ অনেক শিক্ষার্থী বলে, প্রচণ্ড গরমের কারণে বিদ্যালয়ের টিনের চালার নিচে বসে থাকা যায় না। তাই তাঁদের অনেক সহপাঠী বিদ্যালয়ে আসছে না।
এই বিদ্যালয়ের রাইসুল হক নামের এক শিক্ষার্থীর অভিভাবক আরিফুর রহমান বলেন, এই গরমে তিনি তাঁর সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। যেখানে বড়রাই গরম সহ্য করতে পারছেন না, সেখানে এত গরমে বিদ্যালয়ে থাকলে ছোটরা অসুখে পড়বে।
সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ের পালা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আবেদন পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’