রাজধানীর মিরপুর এলাকায় চার দিনের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়োগ পাওয়া আনসার সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটা থেকে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ গাবতলী থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
নির্বাচনী দায়িত্ব পালন শেষে গতকাল ৩ হাজার ১৯২ জন আনসার সদস্য তাঁদের দাবি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আনসার সদস্যরা জানান, সংঘর্ষ চলাকালে মিরপুর রোডের মোহাম্মদপুর কলেজ গেট থেকে শ্যামলী হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। আনসারদের দাবি, পুলিশের গুলি ও লাঠিপেটায় তাঁদের পাঁচজন সদস্য আহত হয়েছেন। তবে গুলি করার কথা অস্বীকার করেছে পুলিশ।
গতকাল বিকেলে নির্বাচনী দায়িত্ব পালনের মজুরি নিতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন এলাকায় জড়ো হন আনসার সদস্যরা। বিকেল থেকেই তাঁদের মধ্যে কম মজুরি দেওয়া হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে আনসার সদস্যরা একযোগে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। তাঁরা পিছু হটে আবার রাস্তায় অবস্থান নেন। রাত সাড়ে নয়টা পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনসারদের পাওনা দেওয়ার আশ্বাস দিলে তাঁরা রাস্তা ছেড়ে দেন।
আনসার সদস্য মনিরুল ইসলাম অভিযোগ করেন, ৩ হাজার ২০০ টাকার বিনিময়ে চার দিন নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে চুক্তি হয় তাঁদের। কিন্তু গতকাল আনসার কর্তৃপক্ষ জানায়, তাঁদের ১ হাজার ৬৮০ টাকা করে দেওয়া হবে। এর প্রতিবাদ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ও গুলি ছোড়ে। এতে তাঁদের পাঁচজন সদস্য আহত হন।
আনসারের মিরপুর থানার অ্যাডজুট্যান্ট গোলাম মোস্তফা বলেন, আনসার কমান্ডারদের চার দিনের মজুরি ১৭৫০ টাকা, আর সাধারণ সদস্যদের মজুরি ১৬৮০ টাকা। গতকাল দুপুরে খিলগাঁও আনসার সদর দপ্তর থেকে টাকা তুলে মিরপুর ১৪ নম্বরে বিতরণ করা হচ্ছিল। সে সময় গুজব ছড়ায় যে তাঁদের মজুরি ৩২০০ টাকা, তাঁদের ঠকানো হচ্ছে। তখন সেখানে কর্মকর্তারা গিয়ে তাঁদের শান্ত করেন এবং তাঁদের হাতে মজুরি তুলে দেন।
রাত ১০টায় গিয়ে দেখা যায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে পুলিশ সদস্যরা আনসারদের হাতে পাওনা টাকা তুলে দিচ্ছেন।