দাবি অপূর্ণই থেকে গেল
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের স্বার্থে নির্বাচনের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালটসহ প্রয়োজনীয় উপকরণ পাঠানোর দাবি ছিল অধিকাংশ প্রার্থীর। এ দাবিতে সায় দিয়েছিলেন স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের অনেকেই। কিন্তু তাঁদের দাবি এবং মতামত উপেক্ষা করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার কেন্দ্রগুলোতে উপকরণ পাঠানো হয়েছে।
এবার জেলার চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। সেগুলো হলো দর্শনা, জীবননগর, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা।
এদিকে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্যানুযায়ী, চুয়াডাঙ্গার চারটি পৌরসভার ৭২টি কেন্দ্রের মধ্যে ৪৭টিই গুরুত্বপূর্ণ। চুয়াডাঙ্গা সদরের ৩১টির মধ্যে ১৯টি, আলমডাঙ্গার ১৫টির মধ্যে ৯, দর্শনার ১৬টির মধ্যে ১০ এবং জীবননগরের ১০টির মধ্যে ৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।
গত রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে চারটি পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা ভোটের আগের দিন কেন্দ্রে নির্বাচনী উপকরণ না পাঠানোর পক্ষে মত দেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা জেলার শীর্ষ কর্মকর্তারাও এতে সায় দেন। ওই বৈঠকে জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক জাফর ইকবালসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু এ মতামত উপেক্ষা করে গতকাল দুপুরের পর থেকে ব্যালট পেপারসহ ভোটের অন্যান্য উপকরণ কেন্দ্রে পাঠানো শুরু হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ উপকরণ পাঠাচ্ছেন।
এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী খন্দকার আবদুল জব্বার ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’) ওবায়দুর রহমান ভোটের দিন সকালে ভোটকেন্দ্রসমূহে ব্যালট ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ পাঠানোর কথা বলেন। এ বৈঠকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন না। পরে জাসদের প্রার্থী এম সবেদ আলী ও আলমডাঙ্গায় বিএনপির মেয়র প্রার্থী মীর মহিউদ্দিন একই দাবি জানান।
২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধিকাংশ কর্মকর্তা উপজেলা নির্বাচনে আগের রাতে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে ভোটের আগের দিন ব্যালট পেপারসহ উপকরণ না পাঠানোর অনুরোধ করেন।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহস্রাধিক পুলিশ, ১ হাজার ১০০ আনসার, বিজিবি সদস্য প্রস্তুত আছেন।